আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমরান খানের সুচিকিৎসার জন্য ১৪ টেস্ট অধিনায়কের চিঠি

স্পোর্টস ডেস্ক

ইমরান খানের সুচিকিৎসার জন্য ১৪ টেস্ট অধিনায়কের চিঠি

পাকিস্তানের সাবেক অধিনায়ক, কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ দিনকে দিন বেড়েই চলেছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে বারবার দাবি জানিয়ে আসছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ক্রিকেট দুনিয়ার ১৪ কিংবদন্তি ক্রিকেটার। তারা আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এই বিষয়ে একটি চিঠি লেখেন। সেখানে তারা অনুরোধ করেছেন, ইমরানকে যেন ‘ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা’ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এই চিঠিতে ক্রিকেটার হিসেবে ইমরান খানের অবদান তুলে ধরেন তারা। এ নিয়ে তারা লেখেন, ‘খেলার প্রতি তার অবদান বিশ্বজুড়ে সমাদৃত। অধিনায়ক হিসেবে তিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই জয় ছিল দক্ষতা, নেতৃত্ব, ধৈর্য ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য উদাহরণ, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’

তারা আরো যোগ করেন, ‘তার স্বাস্থ্যের সাম্প্রতিক খবর, বিশেষ করে আটক অবস্থায় দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি এবং গত আড়াই বছরে তার বন্দিজীবনের অবস্থা আমাদের গভীরভাবে চিন্তিত করেছে।’

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। পরে একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকেই জেলে আছেন এই কিংবদন্তি ক্রিকেটার। চিঠিতে এ নিয়ে সাবেক অধিনায়করা লেখেন, ‘ক্রিকেটের বাইরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মতভেদ যা-ই থাকুক, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে বসেছিলেন, এটা সম্মানের বিষয়।’

চিঠিতে স্বাক্ষরকারী অধিনায়কদের তালিকা

মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, স্টিভ ওয়াহ ও জন রাইট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...