আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বল টেম্পারিংয়ে বিপদে ফখর

স্পোর্টস ডেস্ক

বল টেম্পারিংয়ে বিপদে ফখর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের বিপক্ষে। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই ব্যাটার বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হতে পারেন। বল টেম্পারিং হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

পরশু রাতে করাচির জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। ওই সময় লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন পেসার হ্যারিস রউফের হাতে। সে সময় হ্যারিস রউফের কাছ থেকে বল নেন অভিজ্ঞ ফখর জামান। বেশ কয়েকবার তারা বল আদান-প্রদান করেন। এ ঘটনা সন্দেহের উদ্রেক করলে আম্পায়াররা বল পরীক্ষা করেন।

এরপরেই নিশ্চিত হওয়া যায় বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গেই শাস্তি হিসেবে লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়েছে। পাশাপাশি বদলে ফেলা হয় বল। এই পেনাল্টির ফলে শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।

এ ঘটনার পর ম্যাচ শেষে শুনানি ডাকেন ম্যাচ রেফারি রোশান মহানামা। সেখানে অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান। পরে পিসিবি থেকে জানানো হয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে অপরাধী প্রমাণিত হলে ফখর জামান নিষিদ্ধ হতে পারেন।

এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করে ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্দ করেছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...