পিএসএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মাঠে নামে পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স। দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়েই একাদশ সাজায় লাহোর। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর। জবাবে, ১৩০ রানে থামে হায়দরাবাদের ইনিংস। বোলিংয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় এক উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে লাহোরের হয়ে ১৩ বলে ১৪ রান করেন পারভেজ হোসেন ইমন।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণ শুরু পায় লাহোর। ফখর ৫৩ ও নাঈম করেন ৩০ রান। এছাড়া শেষদিকে হাসিবুল্লাহ খান ২৮ বলে খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। তাতে ৬ উইকেটে ১৯৯ রানে থামে লাহোর কালান্দার্সের ইনিংস। চারে নামা পারভেজ হোসেন ইমন হাঁকান দারুণ এক ছয়।
জবাবে, মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ কিংসমেন। দলীয় সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস ল্যাবুশেন। এছাড়া রিলে মেরেডিথের ব্যাটে আসে ১৯ রান। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে খরচ করেন মোটে ১৯ রান। ফেরান ইরফান খানকে। প্রথম দুই ওভারে ৯ রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। পরের দুই ওভারে তার খরচ ছিল ১০ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

