নাহিদের গতিতে মুগ্ধ বাবর, নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার

নাহিদের গতিতে মুগ্ধ বাবর, নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তাতে অবশ্য উইকেটের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। বাংলাদেশের বোলিং লাইনআপকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে ‘সফট ডিসমিসাল’ ও বড় জুটি গড়তে না পারাকেই সামনে আনলেন সাবেক অধিনায়ক। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনই জানালেন বাবর।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘সত্যি বলতে উইকেট খুব ভালো। বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল। হ্যাঁ, আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। শুরুটা ভালো হয়েছিল। কিন্তু আমি আর আগা যখন মাঝখানে ব্যাট করছিলাম, তখন চেষ্টা করছিলাম একটি বড় পার্টনারশিপ গড়তে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। মনে হয় আমার উইকেট আর সালমান আলি আগার উইকেটই টার্নিং পয়েন্ট ছিল। এরপর আমরা আর কোনো বড় জুটি গড়তে পারিনি। ওই দুই আউটই ম্যাচের মোমেন্টাম বদলে দিয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশি বোলারদের প্রশংসাও করেছেন বাবর। বিশেষ করে নাহিদ রানাকে আলাদা করে উল্লেখ করেছেন তিনি। তিন টেস্টে তিনবার নাহিদের শিকার হয়েছেন বাবর। ফলে নাহিদকে নিয়ে তার কোনো দুর্বলতা আছে কি না এমন প্রশ্ন উঠলে বাবর বলেন, ‘না, আমি তা মনে করি না। সে এখনকার সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার লাল বলের ক্রিকেটে। সবচেয়ে বড় বিষয় হলো তার গতি। সে অসাধারণ, আর তার কন্ট্রোলও ভালো। দিন দিন বোলিংয়ে উন্নতি করছে।’

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বাংলাদেশকে নিয়ে কোনো মানসিক ভয় কাজ করছে—এমন ধারণা মানতে নারাজ বাবর। তার ভাষায়, ‘না, আমি তা মনে করি না। আমরা অনেক দিন ধরেই ক্রিকেট খেলছি। কোনো মানসিক বাধা নেই। তবে ব্যাটসম্যান হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, বড় জুটি গড়তে পারিনি। টেস্ট ক্রিকেটে দু-তিনটি বড় পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ।’

বিদেশের মাটিতে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়েও খোলামেলা কথা বলেছেন বাবর। তার মতে, একটি উইকেট পড়ার পর দ্রুত আরো কয়েকটি উইকেট হারানোই বড় সমস্যা। উইকেট হারানোর এই ধারাবাহিকতা নিয়ে বাবরের ভাষ্য, ‘আমাদের সমস্যা হচ্ছে একটি উইকেট পড়ার পর দ্রুত আরো উইকেট পড়ে যাচ্ছে। তখন আর ঘুরে দাঁড়ানো যায় না। সিনিয়র খেলোয়াড় ও ব্যাটিং ইউনিট হিসেবে আমরা এটা নিয়ে অনেক ভাবছি কীভাবে উন্নতি করা যায়।’

একইসঙ্গে তিনি জানান, পাকিস্তান দল নিজেদের ভুল শুধরে ফের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। বাবরের বিশ্বাস, আরো বেশি ক্যাম্প ও ম্যাচ খেললে ধীরে ধীরে উন্নতি হবে পাকিস্তানের ব্যাটিংয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন