টেস্ট ক্রিকেটই মুশফিকের আবেগ, লক্ষ্য আরও কিছু স্মরণীয় জয়

স্পোর্টস রিপোর্টার

টেস্ট ক্রিকেটই মুশফিকের আবেগ, লক্ষ্য আরও কিছু স্মরণীয় জয়

দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার। অসংখ্য উত্থান-পতনের সাক্ষী। তবুও মুশফিকুর রহিমের চোখে এখনও টেস্ট ক্রিকেটের জন্য একই ভালোবাসা, একই ক্ষুধা। সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানালেন, ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে পৌঁছেও তিনি প্রতিদিন নিজেকে আগের মতোই প্রস্তুত রাখছেন।

মুশফিক বলেন, “আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ যেন শেষ ম্যাচ ভেবে খেলতে। মৃত্যুর আগে কয়েকটা দিন যেমন মানুষ বাঁচতে চায়, আমি তেমনি মাঠে আরও কিছু দিন কাটাতে চাই।”

অনুশীলনে অন্যদের আগে মাঠে আসার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে, ব্যক্তিগত প্রস্তুতিই তাকে আত্মবিশ্বাস দেয়। এজন্যই দলীয় অনুশীলনের বাইরেও বাড়তি সময় দেন নিজের কাজের পেছনে।

শুধু নিজের পারফরম্যান্স নয়, নতুন প্রজন্মের জন্য একটি পেশাদার সংস্কৃতি রেখে যেতে চান মুশফিক। ডিসিপ্লিন ও ওয়ার্ক এথিককে তিনি একজন অ্যাথলেটের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করেন।

বাংলাদেশ টেস্ট দলের বর্তমান পরিবেশ নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি। মুমিনুল হক ও অধিনায়ক শান্তর ভূয়সী প্রশংসা করে মুশফিক বলেন, টেস্ট ক্রিকেটে গত কয়েক বছরে দলের মানসিকতা বদলে গেছে। বিশেষ করে শান্তর নেতৃত্ব নিয়ে তিনি বলেন, “দায়িত্ব যত বাড়ে, শান্ত তত ইতিবাচকভাবে নেয়। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর বড় গুণ।”

অবসরের পরিকল্পনা নিয়ে সরাসরি কিছু না বললেও মুশফিক পরিষ্কার করেছেন, ভালো সময়েই বিদায় নিতে চান। তবে তার আগে বাংলাদেশকে আরও কিছু স্মরণীয় টেস্ট জয় উপহার দেওয়াই এখন তার লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন