প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার

প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের

সংবাদ সম্মেলনে বারবারই ঘুরেফিরে এসেছিল ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে সিরিজ জয়ের কথা। পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়ে সেবার ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। বছর দেড়েক পর ফের সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় দুদল। এবার খেলা বাংলাদেশের মাটিতে। এ সিরিজটি প্রতিশোধের মিশন হবে কি নাÑসেটাই প্রশ্ন ছিল পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কাছে। তিনি তেমন কিছু ভাবেন না বলেই জানান। তবে ভালো খেলে সিরিজ জয়ের ইচ্ছার কথাটা জানিয়েছেন।

আজ সংবাদ সম্মেলনে যখন সিরিজ জয়ের প্রতিশোধের কথা উঠে আসে, তখন শান মাসুদ বলেন, ‘আমি মনে করি না আমাদের দল প্রতিশোধের মতো কোনো শব্দের সঙ্গে নিজেদের জড়াবে। বাংলাদেশ দলকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ২০২৪ সালে তারা যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, সেটা দারুণ ছিল। আমরা ভেবেছিলাম, ওই কন্ডিশনে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। কিন্তু তারা সত্যিই ভালো ক্রিকেট খেলেছে।’

বিজ্ঞাপন

‘প্রতিশোধের’ মতো শব্দ ব্যবহার না করলেও শান মাসুদের আগে শাহিন শাহ আফ্রিদি জানিয়েছিলেন, বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে এগিয়ে থাকতে চান। তবে শান মাসুদ তেমন কোনো উচ্চাশার কথা বলেননি। তার কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একইসঙ্গে চ্যালেঞ্জের এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও; কিন্তু এ মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’

সিরিজে নজর রাখা শান মাসুদ জানেন ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা কতটা চ্যালেঞ্জিং। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। নিজেদের কন্ডিশনে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে পছন্দ করি। এটা আমাদের জন্যও সুযোগ—নিজেদের দক্ষতা যাচাই করার এবং সিরিজে এগিয়ে যাওয়ার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন