বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই শিরোপা নির্ধারণী ম্যাচে দুদলই মাঠে নামবে তাদের চিরচেনা প্রথাগত হোম কিট বা মূল জার্সি পরে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে, যার মধ্যে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার ‘লাকি’ জার্সি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে জানা গেছে, স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল স্কালোনির দল তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা জার্সি, সাদা শর্টস এবং সাদা মোজা পরে মাঠে নামবে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দলটিকে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেখা গেলেও, ফাইনালের মহালড়াইয়ে তারা ফিরছে নিজেদের চেনা রূপেই।
চলতি বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে এই সাদা-আকাশি কিট পরেই খেলেছে আলবিসেলেস্তেরা। তবে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে এই জার্সির সঙ্গে নীল মোজা এবং জর্ডান ও ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাওয়ে কিট ব্যবহার করা হয়েছিল। সমর্থকদের বিশ্বাস, ঐতিহ্যবাহী এই হোম কিটটি আর্জেন্টিনার জন্য বরাবরের মতোই সৌভাগ্যের প্রতীক বা ‘লাকি’ কিট হিসেবে কাজ করবে।
শুধু মাঠের খেলোয়াড়রাই নন, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের জার্সি নিয়েও চলছে তুমুল আলোচনা। ফাইনালে তিনি মাঠে নামবেন সম্পূর্ণ সবুজ রঙের কিটে। কাকতালীয়ভাবে, ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও মার্টিনেজ এই সবুজ রঙের কিট পরেই পোস্ট সামলেছিলেন এবং তিনটি ম্যাচেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফলে সমর্থকদের কাছে এটিও এখন অন্যতম এক ‘লাকি’ কিট।
অন্যদিকে, প্রতিপক্ষ স্পেনও ফাইনালে তাদের বিকল্প জার্সি ভেঙে ফিরছে ঐতিহ্যবাহী মূল কিটে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরলেও, আর্জেন্টিনার বিপক্ষে তারা মাঠে নামবে চিরচেনা লাল জার্সি, নীল হাতা ও হলুদ নকশার হোম কিট পরে।
মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে দুদলই যখন তাদের চেনা রঙে মাঠে নামছে, তখন বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের একটাই প্রার্থনা—এই ‘লাকি’ জার্সি গায়ে জড়িয়েই যেন আরও একবার বিশ্বজয়ের উল্লাসে মাতেন লিওনেল মেসি ও তার দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

