ফুটবল ইতিহাসে রেকর্ড গড়ার অপেক্ষায় ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠের রণকৌশলের সঙ্গে টাকার অঙ্কেও এক অবিশ্বাস্য দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব। আজ মঙ্গলবার রাতে টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। দল দুটির খেলোয়াড়দের মোট বাজার মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ হাজার কোটি টাকারও বেশি, যা এই ম্যাচটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনালে রূপ দিয়েছে।
বিশাল এই অঙ্কের মাঝেও স্কোয়াডের গভীরতায় স্পেনের চেয়ে বেশ এগিয়ে আছে ফরাসিরা। ফ্রান্স দলের সব মিলিয়ে বাজার মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেনের স্কোয়াডের মূল্য ১.৪৩ বিলিয়ন ডলার। ফলে দুদলের মাঝে ব্যবধান থাকছে প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের। চলতি বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ৫ খেলোয়াড়ের মধ্যে চারজনই থাকছেন এই হাইভোল্টেজ ম্যাচে। বর্তমানে ২৩৪ মিলিয়ন ডলার বাজার মূল্য নিয়ে সবার ওপরে আছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। তার পরেই আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে (২১০ মিলিয়ন) ও উইঙ্গার মাইকেল ওলিসে (১৭৫ মিলিয়ন)। স্পেনের মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেসের বাজার মূল্যও ১৭৫ মিলিয়ন ডলার।
পজিশন-ভিত্তিক তুলনায় দেখা যায়, গোলকিপার ও মিডফিল্ডে এগিয়ে আছে স্পেন। স্প্যানিশ গোলকিপারদের ১১৪ মিলিয়ন ডলারের বিপরীতে ফ্রান্সের গোলকিপারদের মূল্য ৬৭ মিলিয়ন। আবার মিডফিল্ডে স্পেনের ৪৯১ মিলিয়নের বিপরীতে ফ্রান্সের সংগ্রহ ৩৬৫ মিলিয়ন ডলার। তবে ফ্রান্স মূল ব্যবধান গড়ে দিয়েছে রক্ষণ ও আক্রমণে। স্পেনের ৩৩৭ মিলিয়ন ডলারের ডিফেন্সের বিপরীতে ফরাসিদের রক্ষণভাগের মূল্য ৪৭৩ মিলিয়ন ডলার। সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে ফ্রান্সের ৮৭৭ মিলিয়ন ডলারের বিধ্বংসী আক্রমণভাগ।
দুই স্কোয়াডের অন্তত ২২ জন খেলোয়াড়ের মূল্য ৫৮ মিলিয়ন ডলারের বেশি, যার মধ্যে ১৫ জনই ফ্রান্সের। বাজার মূল্যের এই বিশাল ব্যবধান মাঠে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে এতটুকু নিশ্চিত, ৩০০ কোটি ডলারের এই মহারণ ফুটবল ইতিহাসের পাতায় এক সোনালি অধ্যায় হয়ে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

