বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর লিওনেল মেসির সঙ্গে ম্যাচের মধ্যে হওয়া উত্তপ্ত মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। তিনি স্বীকার করেছেন, মেসিকে মানসিকভাবে বিচলিত করার চেষ্টা করেছিলেন তিনি। তবে সেই কৌশল উল্টো ফল দিয়েছে বলেই মনে করেন এই তরুণ তারকা।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বেলিংহাম বলেন, ‘হ্যাঁ... আসলে এটা সম্ভবত আমারই ভুল ছিল। আমি চেষ্টা করেছিলাম একটু ওর মনোযোগ নষ্ট করতে, হয়তো ওকে বিভ্রান্ত করতে। তখন পর্যন্ত সবকিছুই আমাদের পক্ষে যাচ্ছিল।’
তবে তিনি যোগ করেন, ‘আমি এটাও জানতাম, যতক্ষণ মেসি মাঠে আছে, ততক্ষণ ম্যাচ কখনো শেষ হয়ে যায় না। তাই ভাবলাম, হয়তো ওর মনোযোগ একটু সরিয়ে দিতে পারব। কিন্তু এখন মনে হচ্ছে, আমি ঠিক উল্টো কাজ করেছি। মনে হয় আমি ওর ভেতরের অন্য কিছু জাগিয়ে তুলেছিলাম।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ঘটনাটির পর মেসির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ তৈরি হয়েছে কি না। উত্তরে বেলিংহ্যাম স্পষ্ট ভাষায় বলেন, ‘একদমই না। সত্যি বলতে, তিনি আমার আদর্শ। আমাদের মধ্যে গুরুতর কিছুই ঘটেনি। এমন বড় ম্যাচে, বিশেষ করে বিশ্বকাপ সেমিফাইনালে আবেগ অনেক বেশি থাকে।’
ইংল্যান্ডের এই মিডফিল্ডার আরও জানান, ম্যাচ শেষে মেসির আচরণ তাকে মুগ্ধ করেছে। বেলিংহাম বলেন, ‘শেষ বাঁশির পর উনিই আমার কাছে এসেছিলেন। আমার সঙ্গে কথা বলেছেন, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। এটা আমার কাছে অনেক বড় বিষয় ছিল। কারণ তখন আমার মনে হচ্ছিল, হয়তো তিনি এখন আমাকে অপছন্দ করেন। কিন্তু তার আচরণই দেখিয়ে দিয়েছে, তিনি কেমন মানুষ। তার প্রতি আমার সম্মান আছে।’
উল্লেখ্য, সেমিফাইনালে ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচে ফেরে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

