বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার আশা, ম্যাচের রেফারি যেন আর্জেন্টিনার কৌশলী ও উসকানিমূলক আচরণে প্রভাবিত না হন এবং খেলার নিয়ম কঠোরভাবে মেনে ম্যাচ পরিচালনা করেন। আজ নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ পরিচালনা করবেন স্লোভেনিয়ার ৪৬ বছর বয়সি রেফারি স্লাভকো ভিনচিচ।
ভিনচিচই ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক ২-১ জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে দে লা ফুয়েন্তে আশা করছেন, অতীতের সেই ম্যাচ ফাইনালে রেফারির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তিনি চান, ভিনচিচ যেন আর্জেন্টিনার খেলার ধরন সম্পর্কে সতর্ক থাকেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে তিনি বলেন, ‘রেফারি চুপচাপ থাকতে পারেন না কিংবা নিয়মের বাইরে যেতে পারেন না। ফুটবলের বৈধতার সীমা অতিক্রম করা উচিত নয়। রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, এই ধরনের ম্যাচের জন্য কীভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।’
টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে প্রতিপক্ষকে উসকে দেওয়া, সময় নষ্ট করা এবং রেফারির সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনার চেষ্টা করার অভিযোগের মুখে পড়তে হয়েছে। এছাড়া তুলনামূলক সহজ ড্র এবং কম ভ্রমণের সুবিধা পাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
দে লা ফুয়েন্তে অবশ্য মনে করেন, এসবের জবাব দিতে হবে মাঠের খেলায়। তিনি বলেন, ‘ওরা ওদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে শুধু নিজেদের খেলায়। নিজেদের খেলার ধরন আরো শক্তিশালী করতে হবে। আমরা যদি নিজেদের দর্শন থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে। আমরা আমাদের ফুটবল, আমাদের পরিকল্পনা এবং নিজেদের ধারণার প্রতি মনোযোগী থাকতে চাই। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।’
ফাইনালে স্পেনের বড় চ্যালেঞ্জগুলোর একটি হবেন লিওনেল মেসি। তাকে থামানোর অভিজ্ঞতা খুব সুখকর নয় বলেও জানিয়েছেন দে লা ফুয়েন্তে, ‘আমি যখন সেভিয়ার যুব দলের কোচ ছিলাম, তখন মেসির বিপক্ষে খেলেছিলাম। ম্যাচ তখন ০-০। মেসিকে মার্ক করা আমাদের খেলোয়াড় একটি কার্ড দেখার পর মাত্র ১৫ মিনিটেই তারা চার গোল করে বসে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

