জার্মান ফুটবলের সাম্প্রতিক খরা কাটাতে এবং হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডাগআউটের মাস্টারমাইন্ড ইয়ুর্গেন ক্লপের কাঁধে। ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে ডিএফবি সভাপতি বের্নড নয়েনডর্ফ এই হাই-প্রোফাইল নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করে নয়েনডর্ফ বলেন, ‘নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
ডিএফবি সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ক্লপের চুক্তি কার্যকর থাকবে ২০৩০ সালের গ্রীষ্মকাল পর্যন্ত। অর্থাৎ, মরক্কো, স্পেন ও পর্তুগালে যৌথভাবে অনুষ্ঠেয় আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউট সামলাবেন ৫৯ বছর বয়সি এই অভিজ্ঞ ট্যাকটিশিয়ান।
সম্প্রতি বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে চমকপ্রদভাবে শেষ বত্রিশ থেকেই বিদায় নেয় জার্মানি। এই অভাবনীয় ভরাডুবির পর কোচ ইউলিয়ান নাগলসমানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ডিএফবি। নাগলসম্যানের বিদায়ের পর ক্লপ নিজেও প্রকাশ্যে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে চরম সংকটকাল পার করছে ‘ডাই মানশাফট’রা। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়। সর্বশেষ ৫টি প্রধান টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানির জয় মাত্র ১টি। নিজেদের মাটিতে আয়োজিত ২০২৪ ইউরো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল সাম্প্রতিক সময়ে তাদের সেরা পারফরম্যান্স।
খেলোয়াড় হিসেবে ১০ বছর কাটানোর পর জার্মানির ক্লাব মেইঞ্জ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ক্লপ। এরপর বরুসিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে দুটি বুন্দেসলিগা জেতার পাশাপাশি দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলেন।
তবে তার কোচিং ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটে ইংলিশ ক্লাব লিভারপুলে। ২০১৯ সালে লিভারপুলকে ইউরোপসেরা বানান। জেতেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ২০২০ সালে লিভারপুলকে প্রিমিয়ার লিগ ট্রফি উপহার দেন।
ক্লান্তিজনিত কারণে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর ২০২৫ সাল থেকে তিনি রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই এবার জার্মানির জাতীয় দলের ডাগআউটে ফিরছেন এই বর্ষীয়ান কোচ।
জার্মান ফুটবলের এমন সংকটময় মুহূর্তে ক্লপের মতো ক্যারিশম্যাটিক ও কৌশলী কোচের আগমন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের পুরোনো সুদিন ফেরাতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

