মেসিকে সমীহ করলেও আর্জেন্টিনার বিদায় চায় সুইজারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

মেসিকে সমীহ করলেও আর্জেন্টিনার বিদায় চায় সুইজারল্যান্ডের

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে সুইজারল্যান্ড। লিওনেল মেসির দুর্দান্ত ফর্মকে সম্মান জানালেও, ম্যাচের আগেই আত্মসমর্পণ করতে রাজি নয় সুইসরা। বরং ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামতে প্রস্তুত তারা।

কলম্বিয়াকে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তবে তাদের লক্ষ্য এখানেই থেমে থাকা নয়। আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নতুন ইতিহাস গড়তে চায় দলটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার ডেনিস জাকারিয়া বলেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের অসাধারণ এক পারফরম্যান্স উপহার দিতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সবসময়ই কঠিন, তবে আমাদের সেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে যারা এটি করতে সক্ষম।’

তবে জাকারিয়ার মতে, পুরো মনোযোগ শুধু মেসির দিকে দিলে ভুল হবে। কারণ আর্জেন্টিনা শুধুই একজন খেলোয়াড়ের দল নয়।

তার ভাষায়, ‘আমরা জানি মেসি বিশ্বসেরা, তবে আর্জেন্টিনা মানেই শুধু মেসি নন। তাদের অন্য খেলোয়াড়রাও দুর্দান্ত। তাই আমাদের পুরো মনোযোগ শুধু মেসির ওপর রাখলে চলবে না।’

আক্রমণভাগের খেলোয়াড় জেকি আমদুনিও আত্মবিশ্বাসী। তার দাবি, আর্জেন্টিনার দুর্বল জায়গাগুলো তারা ভালোভাবেই বিশ্লেষণ করেছেন।

আমদুনি বলেন, ‘আমরা তাদের খেলা খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি। আমাদের জন্য মাঠে পর্যাপ্ত জায়গা থাকবে এবং আমরা যদি আজ এই মঞ্চে আসতে পারি, তার মানে আমরাও তাদের ক্ষতবিক্ষত করার ক্ষমতা রাখি।’

ম্যাচের আগে জার্মানির সাবেক গোলরক্ষক জেনস লেম্যান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসির নাম শুনেই মানসিকভাবে পিছিয়ে আছেন। সেই মন্তব্যও উড়িয়ে দিয়েছেন আমদুনি।

তিনি বলেন, ‘মেসি নিঃসন্দেহে সর্বকালের সেরা এবং ছোটবেলায় সবারই আইডল থাকে। কিন্তু মাঠে প্রতিপক্ষ হিসেবে নামার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা দিয়ে আর্জেন্টিনাকে হারাতেই লড়ব।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সমান সর্বোচ্চ আট গোল করেছেন লিওনেল মেসি। তার নেতৃত্বেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে সুইজারল্যান্ডের বিশ্বাস, দলগত পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অঘটন ঘটানো অসম্ভব নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন