২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। বিশ্বসেরা হওয়ার এই চূড়ান্ত লড়াইয়ের উত্তেজনা আরো বাড়িয়ে দিতে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচের জন্য বিশেষ সংস্করণের ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। জমকালো এক আয়োজনে বিশ্ব ফুটবলের তিন প্রজন্মের তিন জনপ্রিয় তারকা—লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম ও লামিনে ইয়ামাল নতুন এই বলটি সবার সামনে নিয়ে আসেন।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলোর নকআউট পর্ব পর্যন্ত অফিসিয়াল ম্যাচ বল হিসেবে ব্যবহৃত হয়েছে ‘ট্রিওন্ডা’। যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টের প্রথম ৯২টি ম্যাচে এই বলটি দিয়েই হয়েছে ২৬৯টি গোল। তবে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের মর্যাদা ধরে রাখতে এই বলটিকে একদম নতুন ও আকর্ষণীয় রূপ দিয়েছে অ্যাডিডাস।
নতুন সংস্করণের বলটিতে আগের মূল নকশা অক্ষুণ্ণ রাখা হলেও পুরো বলজুড়ে যোগ করা হয়েছে সোনালি রঙের বিশেষ ছোঁয়া। বিশ্বকাপ ট্রফি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই সোনালি ডিজাইনটি মূলত টুর্নামেন্টের মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও গৌরবকে ফুটিয়ে তোলে।
এর পাশাপাশি বলের গায়ে সোনালি অক্ষরে খোদাই করে লেখা রয়েছে শেষ চার ম্যাচের ভেন্যু তথা আয়োজক শহরগুলোর নাম—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সি। শুধু তাই নয়, এর আগের পর্বগুলোতে যেসব শহর ম্যাচ আয়োজন করেছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে সেই শহরগুলোর নকশাও স্থান পেয়েছে বিশেষ এই বলটিতে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ পর্যায়ের ম্যাচগুলোর জন্য বলের ভিজ্যুয়াল ডিজাইনে এত বড় পরিবর্তন আনা হলো। এর আগের আসরগুলোতে সাধারণত শেষ দিকের ম্যাচের বলের রঙে সামান্য পরিবর্তন দেখা গেলেও, এবার পুরো ডিজাইনটিকে নতুনভাবে সাজিয়ে ইতিহাস তৈরি করেছে অ্যাডিডাস।
যদিও মেসি, বেলিংহ্যাম ও ইয়ামাল একসঙ্গে মিলে বিশেষ এই বলটি উন্মোচন করেছেন, তবে শিরোপা নির্ধারণী ম্যাচের মাঠের লড়াইয়ে বলটি পায়ে জড়ানোর অভিজ্ঞতা সবার হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফাইনালে এই বল নিয়ে মাঠে নামার গৌরব অর্জন করতে হলে তাদের নিজ নিজ দলের হয়ে আগে পার হতে হবে সেমিফাইনালের কঠিন বাধা।
বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে অ্যাডিডাসের এই বিশেষ ম্যাচ বল উন্মোচন টুর্নামেন্টের শেষ অধ্যায়ে নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করল। ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সোনালি বলে শেষ মুহূর্তের জাদুকরী লড়াই দেখার জন্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

