প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে মাঠ মাতাচ্ছেন স্পেনের ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল। আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে লড়বে তার দল। ইয়ামালের এই স্মরণীয় যাত্রায় গ্যালারি থেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার মা, ছোট ভাই এবং বেশ কয়েকজন বন্ধু। তবে গ্যালারির চেনা ভিড়ে একজনের অনুপস্থিতি সবার নজর কেড়েছে। তিনি ইয়ামালের বাবা মুনির নাসরাউই।
২০২৪ ইউরো কাপে স্পেনের শিরোপাজয়ী অভিযানে ছেলের পাশে ছিলেন মুনির। তবে এবারের বিশ্বকাপে দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেননি তিনি। মূলত শারীরিক জটিলতার কারণেই দূর পরবাসে ছেলের খেলা গ্যালারিতে বসে দেখার সুযোগ মিস করেছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যম ‘এল এস্পানিওল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুনির নাসরাউই মৃগীরোগে ভুগছেন। এই জটিলতার কারণে দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করা তার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এই শারীরিক সীমাবদ্ধতার কারণেই তিনি উত্তর আমেরিকায় যাননি।
বিশ্বকাপ শুরুর আগেই নাসরাউই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মৃগী রোগে ভুগছি। প্রতিদিন আমাকে ওষুধ খেতে হয়। ফাইনাল ম্যাচের উত্তেজনা ও স্নায়ুচাপের কারণে যেকোনো মুহূর্তে আমার এই রোগের তীব্র আক্রমণ হতে পারে। তা ছাড়া এত দীর্ঘ সময় বিমান ভ্রমণ করাও আমার পক্ষে সম্ভব নয়।’
নিজের চেয়েও ছেলে ও চারপাশের মানুষের স্বস্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুনির। তিনি আরো বলেন, ‘আমি চাই না আমার কারণে কেউ কোনো সমস্যায় পড়ুক। তাই আমার জন্য ঘরে বসে ছেলের খেলা দেখাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
বাবা পাশে থাকতে না পারলেও পরিবারের অন্য সদস্যদের পাশে পাচ্ছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। পুরো টুর্নামেন্টেই গ্যালারিতে উপস্থিত আছেন তার মা শিলা। আর স্পেনের প্রতিটি গোলের পর গ্যালারিতে ছোট ভাই কেইনের বাঁধভাঙা উল্লাসের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


