ভোজিনহার হৃদয় জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

ভোজিনহার হৃদয় জিতলেন মেসি

আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই শেষ। অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইতিহাস গড়া স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ছে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে। আর এই হার-জিতের সেই সীমানা পেরিয়ে ম্যাচ শেষে জন্ম নিল আরেকটি সুন্দর গল্প। সেই গল্পের দুই চরিত্র লিওনেল মেসি আর কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।

ম্যাচ শেষে মেসির কাছে এগিয়ে যান ভোজিনহা। বিশ্বফুটবলের সবচেয়ে বড় তারকার কাছ থেকে এমন কিছু শুনবেনÑতা হয়তো কল্পনাও করেননি তিনি। ভোজিনহার ভাষ্য, মেসি তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘তুমি অসাধারণ। তোমাদের দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করতে পারে।’ এ কয়েকটি শব্দই যেন হারের সব কষ্ট ভুলিয়ে দেয় কেপ ভার্দের গোলরক্ষককে।

বিজ্ঞাপন

পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘লিও মেসির মতো একজনের কাছ থেকে এমন কথা শোনা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিÑধন্যবাদ লিও, তুমিই সেরা।’

তবে বিস্ময় তখনো শেষ হয়নি। মেসির কাছে একটি অনুরোধ করেন ভোজিনহা—জার্সি বদল করতে চান তিনি। আর্জেন্টাইন অধিনায়ক সঙ্গে সঙ্গেই রাজি হন। ভোজিনহার ভাষায়, ‘আমি তাকে জিজ্ঞেস করলাম, আমরা কি জার্সি বদল করতে পারি? লিও বলল, সাক্ষাৎকার শেষ হলে টানেলে তোমাকে জার্সিটা দেব।’

একটি জার্সি হয়তো কাপড়ের টুকরো মাত্র। কিন্তু একজন ফুটবলারের কাছে সেটি হয়ে ওঠে স্মৃতির সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই আবেগাপ্লুত ভোজিনহা শেষ পর্যন্ত বললেন, ‘এমন মুহূর্তগুলো চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে থাকে।’

কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে আটকে রেখে তারা জিতে নিয়েছে কোটি মানুষের শ্রদ্ধা। আর ম্যাচ শেষে মেসির কয়েকটি আন্তরিক বাক্য যেন সেই লড়াকু দলের প্রতি বিশ্বসেরার সম্মানেরই আরেকটি স্বীকৃতি। ফুটবলে প্রতিপক্ষের হৃদয় জয় করার ক্ষমতা সবার থাকে না। মায়ামির রাতে লিওনেল মেসি ঠিক সেটিই করে দেখালেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন