সড়ক দুর্ঘটনায় গাজীপুরে আইনজীবী নিহত, আহত ৪

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে আইনজীবী নিহত, আহত ৪
নিহত অ্যাডভোকেট মিজানুর রহমান। ছবি: আমার দেশ

গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে গিয়ে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুর্ঘটনায় আহত আইনজীবীরা হলেন- গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও এক আইনজীবী।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে গাজীপুর থেকে ৯ আইনজীবী কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে যান। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে কয়েকজন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমান মারা যান।

গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন