বিশ্বকাপে অভিষেকটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচেই জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল কুরাসাও। তবে দ্বিতীয় ম্যাচে এসে একেবারে ভিন্ন চেহারায় দেখা গেল ক্যারিবীয় দ্বীপদেশটিকে। শক্তিশালী ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকাপের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে তারা।
রোববারের ম্যাচে কুরাসাওয়ের সবচেয়ে বড় ভরসা ছিলেন গোলরক্ষক এলয় রুম। ইকুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি গড়েছেন নতুন ইতিহাস। পুরো ম্যাচে ১৫টি শট সেভ করে বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
ফিফা র্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের আগে স্পষ্ট ফেবারিট ছিল ৩০ নম্বরে থাকা ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার দলটি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই পরাশক্তিকেই হারিয়ে আলোচনায় এসেছিল। এমনকি বাছাইপর্ব শেষে তারা ছিল ব্রাজিলেরও ওপরে, তাদের সামনে ছিল শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছন্দ খুঁজে পাচ্ছে না ইকুয়েডর। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হারের পর এবার কুরাসাওয়ের বিপক্ষেও গোলের দেখা পেল না তারা।
ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইকুয়েডর। কিন্তু এলয় রুম যেন একাই গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ্য দেয়াল। তার দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ডরা।
ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এতে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের দেখা পেল কুরাসাও, আর টানা দ্বিতীয় ম্যাচেও জয়হীন থেকে চাপ আরও বাড়ল ইকুয়েডরের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

