বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগে দুই শিবির থেকেই এসেছে আত্মবিশ্বাসী বার্তা। একদিকে পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার বোঝাপড়া দলের জন্য বড় শক্তি। অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ স্বীকার করেছেন, পর্তুগাল বিশ্বকাপের অন্যতম ফেভারিট হলেও তার দল কাউকে ভয় পায় না।
রোনালদোর সঙ্গে মাঠের রসায়ন নিয়ে ফেলিক্স বলেন, দুজনই একে অপরের খেলার ধরন এত ভালোভাবে বোঝেন যে, একসঙ্গে খেলাটা অনেক সহজ হয়ে যায়। ফেলিক্সের মতে, সফল জুটি গড়ে ওঠে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থেকে। সেই বোঝাপড়াই পর্তুগালের আক্রমণভাগকে আরো কার্যকর করে তুলছে। তার ভাষ্য, ‘ক্রিশ্চিয়ানো জানে আমি কোথায় বল পেতে ভালোবাসি। আমিও জানি সে কখন কোথায় দৌড়াবে এবং কোন জায়গায় বল চাইবে। এই বোঝাপড়াটা শুধু আমাদের দুজনের জন্য নয়, পুরো দলের জন্যই বড় সুবিধা। আমরা জাতীয় দলেই হোক বা আল নাসরে, একসঙ্গে খেললেই সেটা অনুভব করি।’
অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে বলেন, পর্তুগাল বিশ্বের অন্যতম সেরা দল। ক্রোয়াট কোচের ভাষ্য, ‘তাদের দলে এমন সব ফুটবলার আছে, যারা বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর হয়ে খেলছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো অসাধারণ একজন নেতা। সে লুকা মদরিচ ও লিওনেল মেসির মতোই এমন একজন ফুটবলার, যার উপস্থিতি পুরো দলকে বদলে দিতে পারে। তবে আমরা কাউকে ভয় পাই না। যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, শৃঙ্খলা ধরে রাখতে পারি এবং নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।’
পর্তুগাল গ্রুপ পর্ব শেষ করেছে রানার্সআপ হয়ে, এরপর নকআউটে ক্রোয়েশিয়ার সামনে দাঁড়িয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়া কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দুর্দান্ত লড়াই করে। তাই ইউরোপিয়ান দুই পরাশক্তির এ লড়াইয়ে একদিকে থাকবে রোনালদো-ফেলিক্সদের আক্রমণভাগের ধার, অন্যদিকে মদরিচদের অভিজ্ঞতা ও ক্রোয়েশিয়ার লড়াকু মানসিকতা। শেষ ষোলোতে জায়গা করে নিতে দুদলই নিজেদের সেরাটা উজাড় করে দেবেÑএমন প্রত্যাশাই ফুটবলপ্রেমীদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

