নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

নরসিংদী সদর উপজেলা থেকে এ বছর জুনিয়র বৃত্তি (জেএসসি ও জেডিসি) পরীক্ষায় সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রশাসন। এতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

সদর উপজেলার ইউএনও আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, একজন প্রকৃত মানুষ হতে হলে তাকে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাস্তব শিক্ষারও প্রয়োজন রয়েছে। পাশাপাশি সুস্থভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে, আবার কেউ কেউ দেশের উচ্চপদে অধিষ্ঠিত হবে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে, যা মানবিকতা তৈরিতে সাহায্য করে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য ক্রেস্ট বা সনদ দেওয়া স্বাভাবিক, তবে আমরা সঙ্গে গাছের চারা উপহার দিয়ে সম্মাননা জানাতে চাই। প্রধানমন্ত্রী তার লক্ষ্য অনুযায়ী এ বছর দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে আমরাও নরসিংদীতে গাছের চারা রোপণের মাধ্যমে সরকারের এই মহতি উদ্যোগের অংশীদার হতে চাই এবং দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে চাই।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন