পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শাওন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঈশ্বরদী-পাবনা সড়কের দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের ইউনুস আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তরিকুল ইসলাম শাওন মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদী-পাবনা সড়ক দিয়ে যাচ্ছিলেন। দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর স্থানীয়রা শাওনকে অজ্ঞাতপরিচয় হিসেবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাবরিনা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তরিকুল ইসলাম শাওনকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শাওনের চাচা মো. দুলাল মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত যানবাহন চালকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা ও যানবাহন শনাক্তের বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

