চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৭টি মামলার আসামি পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০৩টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজস্ব গুদামে অভিযান চালিয়ে চাপাতি, কুড়াল, ছুরি, ছোরা ও রডসহ ছয় ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার ওসি নেতৃত্বে আভিযানিক দলটি মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় অভিযান চালায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনে ডোবা পুকুরের পাড় থেকে পিয়াল সাদ্দামকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

পরে গ্রেপ্তার সাদ্দামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল পৌনে ছয়টার দিকে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তাঁর নিজস্ব গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি লোহার চাপাতি, একটি দেশীয় লোহার কুড়াল, দুটি লোহার ছুরি, দুটি বড় আকারের লোহার ছোরা ও একটি লম্বা লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার পিয়াল আহম্মেদ সাদ্দামের বিরুদ্ধে আদালতে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা থানার একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ ছিল। দীর্ঘদিন ধরে ওই সাজ পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নতুন করে মামলা দায়েসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন