গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রংপুরের কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাচারী বাজার এলাকার একটি বাসা থেকে প্রমাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে আতাউজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, বিডিইউ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা প্রমার বিরুদ্ধে রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রমাকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

