প্রত্যাবর্তনেই পেলে-রিভালদোর কাতারে নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রত্যাবর্তনেই পেলে-রিভালদোর কাতারে নেইমার

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অবশেষে মাঠে ফেরেন সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর প্রত্যাবর্তনের ম্যাচেই নাম লেখালেন ব্রাজিলিয়ান ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও রিভালদোর পাশে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ। তবে এই ম্যাচটি শুধু প্রত্যাবর্তনের জন্য নয়, একটি বিশেষ রেকর্ডের কারণেও স্মরণীয় হয়ে থাকল।

বিশ্বকাপে ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে নেইমারের এটি ছিল ১৪তম ম্যাচ। এর মাধ্যমে তিনি পেলে ও রিভালদোর সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ ম্যাচে ১০ নম্বর জার্সি পরা ব্রাজিলিয়ান ফুটবলারের তালিকায় জায়গা করে নেন।

পেলে চারটি বিশ্বকাপে ১৪ ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। অন্যদিকে রিভালদো দুটি বিশ্বকাপ আসরে এই কীর্তি গড়েন। নেইমারও এখন চারটি বিশ্বকাপ মিলিয়ে ১৪ ম্যাচে ব্রাজিলের ঐতিহ্যবাহী এই জার্সি পরে খেললেন।

২০১৪ বিশ্বকাপে পাঁচ ম্যাচ, ২০১৮ বিশ্বকাপে পাঁচ ম্যাচ এবং ২০২২ বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে সেই সংখ্যা দাঁড়ায় ১৪-তে।

ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পরই বিশ্বকাপে ফেরেন নেইমার। মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে ১০ নম্বর জার্সিটি খালি রাখা হয়েছিল। ফলে স্কটল্যান্ড ম্যাচেই সেই ঐতিহ্যবাহী জার্সির প্রত্যাবর্তন ঘটে।

আরেকটি রেকর্ডের কাছেও পৌঁছে গেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। ব্রাজিলের সিনিয়র দলে ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। এই তালিকায় তার ওপরে আছেন শুধুই পেলে, যিনি ১০৫ ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন।

নকআউট পর্বে মাঠে নামলে নেইমার স্পর্শ করবেন ১০০ ম্যাচের মাইলফলক। আর দুটি ম্যাচ খেললেই তিনি হয়ে উঠবেন ব্রাজিলের ইতিহাসে ১০ নম্বর জার্সিতে শত ম্যাচ খেলা দ্বিতীয় ফুটবলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...