শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা

শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে, কিন্তু দেশের মানুষের হৃদয়ে নয়। স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়ার পরও লিওনেল মেসি, লিওনেল স্কালোনি এবং পুরো আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিজ্ঞাপন

এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া ঘোষণা দিয়েছেন, দেশের সব ফুটবল স্টেডিয়ামে জাতীয় দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের করতালি দেওয়া হবে। এই কর্মসূচির উদ্দেশ্য বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও দলের অসাধারণ লড়াই, আত্মত্যাগ এবং টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার অর্জনকে সম্মান জানানো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তাপিয়া কনমেবলকে ধন্যবাদ জানিয়ে জানান, শুধু আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেই নয়, কোপা সুদামেরিকানার প্লে-অফে অংশ নেওয়া আর্জেন্টাইন ক্লাবগুলোকেও জাতীয় দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ব্যানার বহনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি স্টেডিয়ামে এক মিনিটের করতালির মাধ্যমে মেসি-স্কালোনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। তবে দেশে ফেরার পর হাজারো সমর্থক বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে দলকে অভিবাদন জানান। এবার সেই ভালোবাসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতেই আনুষ্ঠানিক এই উদ্যোগ নিয়েছে এএফএ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন