অবশেষে রৌমারীর বিতর্কিত এসিল্যান্ডকে বদলি

অবশেষে রৌমারীর বিতর্কিত এসিল্যান্ডকে বদলি

অবশেষে নানা বিতর্কিত কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে বদলি করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৭ আগস্ট এক ভূমি মালিকের নামজারি মঞ্জুর করেন ওই এসিল্যান্ড কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ৩১ আগস্ট ওই নামজারি বাতিল করেন তিনি। ঘুষ না দেওয়ায় এক জনের জমি অন্যজনকে খারিজ করে দেওয়া, চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য করা, অফিসে সালাম দেওয়া না দেওয়া নিয়ে লোকজনের সাথে খারাপ আচরণ করা, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, লোকজনকে বিনা কারণে হয়রানি করা হেন কোনো অভিযোগ নাই ওই এসিল্যান্ডের বিরুদ্ধে।

অবশেষে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক অফিস আদেশে রৌমারীর এসিল্যান্ড রাফিউর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিতর্কিত এই এসিল্যান্ডকে বদলি করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ক্ষোভ প্রকাশের ঝড়।

ফেসবুকে জাকিরুল নামে এক ব্যক্তি লিখেছেন, এই ঘুষখোর এসিল্যান্ডকে জুতা পিটা করার উচিত ছিল রৌমারী উপজেলা জনগণের, কিন্তু পারল না।

স্থানীয় এক সিনিয়র সাংবাদিক লিখেছে, স্বাধীনতার পর সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের মত বেয়াদপ, জঘন্য ও ঘুষখোর কোনো কর্মকর্তা আসেনি রৌমারীতে।

বদলি বিষয়ে জানতে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন