দুটি সেমিফাইনাল ম্যাচেই মাঠে উপস্থিত থাকার পর আমাকে বলতেই হচ্ছে, আমার বিবেচনায় স্পেনই ফেভারিট। বল নিয়ন্ত্রণে রাখা এবং বলের দখল ধরে রাখার ক্ষেত্রে উভয় দলই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে আমি আর্জেন্টিনার খেলা লক্ষ্য করেছি, তাদের সব আক্রমণই লিওনেল মেসিকে কেন্দ্র করে ডান প্রান্ত দিয়ে হচ্ছিল। তারা যখনই বল বাঁ প্রান্তে পার করছিল, খুব দ্রুতই তা আবার ডান দিকে ফিরে আসছিল। অন্যদিকে, প্রথম সেমিফাইনালে মার্ক কুকুরেয়া ম্যাচসেরা হয়েছিল এবং স্পেনকে তাদের বাঁ প্রান্তে দুর্দান্ত শক্তিশালী দেখাচ্ছে। তাছাড়া, ফ্রান্সের বিরুদ্ধে কোনো গোল হজম না করা এবং পুরো বিশ্বকাপে নামমাত্র গোল খাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। আমার মতে, আর্জেন্টিনার বিপক্ষে জয়ের জন্য স্পেনের কাছে যথেষ্ট রসদ রয়েছে।
আর্জেন্টিনা খুবই বিপজ্জনক দল এবং পুরো বিশ্বকাপজুড়েই আমরা দেখেছি তারা যেকোনো উপায়ে জেতার পথ খুঁজে নেয়। আর যখন আপনার দলে মেসির মতো একজন জাদুকর থাকবে, তখন আপনার সামনে সবসময়ই একটা সুযোগ এবং সম্ভাবনা থাকবে। তবে আমার মনে হয়, এই আর্জেন্টিনা দলের চেয়ে স্পেন কিছুটা বেশি শক্তিশালী হবে। তা সত্ত্বেও আমি বলব, আর্জেন্টিনা এমন একটা দিক দেখিয়েছে যা খুব কম দলের মধ্যেই থাকে আর তা হলো লড়াকু মানসিকতা ও কঠোরতা।
ইংল্যান্ডের বিপক্ষে তাদের যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো, যেকোনো ট্যাকলের পরপরই তাদের সব খেলোয়াড় ছুটে আসত এবং একটা ছোটখাটো ধস্তাধস্তি তৈরি করত। তারা দল হিসেবে ভীষণ একতাবদ্ধ এবং তাদের মধ্যে একটা লড়াকু জেদ আছে; তবে সব মিলিয়ে আমার মনে হয় স্পেনই কিছুটা এগিয়ে থাকবে এবং ম্যাচটি বের করে নেবে। এই ম্যাচের ফল আগে থেকে অনুমান করা খুবই কঠিন। আর্জেন্টিনা কেমন দল, সেটা আমরা দেখেছি। ম্যাচের শুরুতে ওরা আপনাকে খেলায় মনোযোগ দিতে দেওয়ার চেয়ে নানাভাবে উত্ত্যক্ত করে অন্য বিষয়ে ভাবানোর চেষ্টা করবে।
আমার কাছে যদিও স্পেনই ফেভারিট, তবে আর্জেন্টিনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া আমার পক্ষে সত্যিই কঠিন। কারণ ওরা ম্যাচের গভীরে গিয়ে লড়াই করতে পারে। ওদের হালকাভাবে নিলে নিজেদেরই বিপদ ডেকে আনা হবে। আমি স্পেনকে সামান্য ব্যবধানে এগিয়ে রাখব। তবে অনেক আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে আমি জানি ওরা মানসিকভাবে কতটা শক্তিশালী। ওরা একটি কঠিন মানসিকতার দেশের আসল ফুটবলার। আমি মনে করি, এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ম্যাচ হতে যাচ্ছে, যার ফল আগে থেকে বলা সত্যিই কঠিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

