হাভার্টজের ট্র্যাজেডিতে জার্মানির বিদায়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

হাভার্টজের ট্র্যাজেডিতে জার্মানির বিদায়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে ইতিহাস গড়ল প্যারাগুয়ে। বোস্টনের রুদ্ধশ্বাস শেষ-৩২ লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায়ের তিক্ত স্বাদ পেল জার্মানি।

নাটকীয় এই ম্যাচে জার্মানির ট্র্যাজিক নায়ক কাই হাভার্টজ। মূল ম্যাচে সমতাসূচক গোল করে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন তিনি, কিন্তু টাইব্রেকারের প্রথম শটই পোস্টের নিচে রাখতে ব্যর্থ হন। তাঁর দুর্বল প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। সেই এক সেভই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

টাইব্রেকারে প্রথম সুযোগ কাজে লাগান মাউরিসিও মাগালায়েস। পরে জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা ও নাদিয়েম আমিরি জার্মানির হয়ে গোল করলেও নিক ভোল্টেমেড ও শেষ শট নেওয়া জনাথন তাহ ব্যর্থ হন। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে গুস্তাভো গোমেস, মাতিয়াস গালারজা ও শেষ শটে হোসে কানালের সফল হন। আন্তোনিও সানাব্রিয়া ও ফাবিয়ান বালবুয়েনার দুটি শট মিস হলেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়নি তাদের।

এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে টাইব্রেকারে জয়ের স্বাদ পেল প্যারাগুয়ে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানির দখলে। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও তারা ভাঙতে পারেনি প্যারাগুয়ের রক্ষণ। বরং ৪২ মিনিটে পাল্টা আক্রমণে ইতিহাস গড়ে এগিয়ে যায় প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন হুলিও এনসিসো। বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল।

বিরতির পর ম্যাচে ফেরে জার্মানি। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টসের নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান কাই হাভার্টজ। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর তৃতীয় গোল।

এরপর একাধিকবার জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় জার্মানদের। ৭৮ মিনিটে হাভার্টজের আরেকটি হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক গিল। নির্ধারিত সময়ের শেষ দিকে জনাথন তাহের হেডও রুখে দেন তিনি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে জার্মানি একবার জালও খুঁজে পেয়েছিল। ১০২ মিনিটে কর্নার থেকে নাথানিয়েল ব্রাউনের ক্রসে হেডে গোল করেন জনাথন তাহ। কিন্তু ভিএআরের পর রেফারি গোল বাতিল করেন। রিপ্লেতে দেখা যায়, কর্নার নেওয়ার আগে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ধাক্কা দিয়েছিলেন ওয়াল্ডেমার আন্তন। সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান।

শেষ মুহূর্তে আবারও হাভার্টজের হেড রুখে দেন গিল। অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির বিশ্বকাপ ইতিহাসে প্রথম টাইব্রেকার পরাজয়ের সাক্ষী হয়ে রইল বোস্টন, আর উল্লাসে ফেটে পড়ল প্যারাগুয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন