শততম ম্যাচের দ্বারপ্রান্তে এমবাপ্পে, বললেন ‘দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছু নেই’

স্পোর্টস ডেস্ক

শততম ম্যাচের দ্বারপ্রান্তে এমবাপ্পে, বললেন ‘দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছু নেই’

ফ্রান্সের জার্সিতে আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামলেই জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ফরাসি অধিনায়ক। মাত্র ২৭ বছর বয়সেই এই মাইলফলকে পৌঁছানো এমবাপ্পে ম্যাচের আগে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফরাসি তারকা বলেন, দেশের হয়ে খেলাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। শততম ম্যাচের মাইলফলককে তিনি গর্বের বিষয় হিসেবে দেখলেও ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এমবাপ্পের ভাষায়, “জাতীয় দলের হয়ে খেলার চেয়ে বড় কিছু নেই। এটা আমার জন্য সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে তিনি ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। সেই ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ৫৮, ছাড়িয়ে গেছেন সাবেক স্ট্রাইকার অলিভার জিরুদের ৫৭ গোলের রেকর্ড।

শুধু জাতীয় দলের গোলরেকর্ডই নয়, বিশ্বকাপ ইতিহাসেও দ্রুত এগিয়ে যাচ্ছেন এমবাপ্পে। বর্তমানে তার বিশ্বকাপ গোলসংখ্যা ১৪, যা তাকে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার খুব কাছাকাছি নিয়ে গেছে।

শততম ম্যাচের আগে এমবাপ্পে আরও বলেছেন, ব্যক্তিগত পুরস্কার বা গোল্ডেন বুটের লড়াই আকর্ষণীয় হলেও তার মূল লক্ষ্য একটাই—ফ্রান্সকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করা।

এদিকে ইরাকের বিপক্ষে জয় পেলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। ফলে শততম ম্যাচটি এমবাপ্পের জন্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, দলের জন্যও হতে পারে গুরুত্বপূর্ণ এক সন্ধ্যা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন