স্প্যানিশ তারকাদের অদ্ভুত ও অনন্য সম্মাননা

বিশ্বজয়ী রুইজ ও গাভিকে টমেটো দিয়ে বরণ

বিশ্বজয়ী রুইজ ও গাভিকে টমেটো দিয়ে বরণ

বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেনের অনেক নামীদামী শহরের কথা ফুটবলপ্রেমীদের জানা, কিন্তু সেভিল অঞ্চলের ছোট শহর 'লস পালাসিওস ই ভিয়াফ্রেঙ্কা' নিজেদের এক অনন্য ঐতিহ্যে আলাদা করে নিয়েছে। ফুটবলের বিশ্বমঞ্চে সাফল্য উদ্‌যাপনে মেডেল বা ট্রফির পাশাপাশি বিশ্বজয়ী খেলোয়াড়দের নিজ শরীরের ওজনের সমপরিমাণ তাজা স্থানীয় টমেটো উপহার দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে এই পৌরসভা।

বিজ্ঞাপন

দক্ষিণ স্পেনের ঐতিহ্যবাহী এই কৃষিপ্রধান এলাকাটি বহু বছর ধরে উচ্চমানের টমেটো উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার বাসিন্দারা শহরের মর্যাদা ও ঐতিহ্যকে উদযাপনের অংশ হিসেবে সফল ক্রীড়াবিদদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়ার প্রথা চালু করেন।

সম্প্রতি বিশ্বজয়ী স্প্যানিশ তারকা ফ্যাবিয়ান রুইজ (৮৫ কেজি) এবং গাভি (৬৮.৫ কেজি)-কে প্রকাশ্যে দাঁড়িপাল্লায় মেপে সব মিলিয়ে ১৫৩.৫ কেজি স্থানীয় টমেটো উপহার দেওয়া হয়েছে তাদের দুজনকে।

ছোট এই শহরটি বিশ্ব ফুটবলে স্পেনের অন্যতম বড় আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পেয়েছে। একই শহর থেকে উঠে এসেছেন আন্তর্জাতিক ফুটবলের তিন মহাতারকা। হেসুস নাভাস ২০১০ বিশ্বকাপ ও ২০২৪ ইউরো জেতেন। লস পালাসিওসের প্রথম বিশ্বকাপজয়ী হিসেবে এই ঐতিহ্য প্রথার সূচনা করেন। ফ্যাবিয়ান রুইজ ২০২৪ ইউরো ও ২০২৬ বিশ্বকাপ জয়ী। ইউরো ও বিশ্বকাপ—উভয় অর্জনের পরই ওজনের সমপরিমাণ টমেটো পেয়েছেন। তার সতীর্থ গাভি ২০২৬ বিশ্বকাপ জয়ী তরুণ তুর্কি হিসেবে প্রথমবার ওজনের সমপরিমাণ (৬৮.৫ কেজি) টমেটো গ্রহণ করেন।

শহরের তিন সন্তানের এমন আন্তর্জাতিক গৌরব স্মরণে রাখতে লস পালাসিওস পৌরসভা স্থায়ী আরো কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শহরের দুটি প্রধান ফুটবল মাঠের নামকরণ করা হচ্ছে ফ্যাবিয়ান রুইজ এবং গাভির নামে। ক্রীড়া কমপ্লেক্সটি প্রবীণ তারকা হেসুস নাভাসের নামেই থাকছে। এখানেই শেষ নয়- শহরের কেন্দ্রস্থলে এই তিন বিশ্বজয়ী ফুটবলারের সম্মানার্থে একটি স্মারক ভাস্কর্য তৈরি করা হবে।

টমেটোর শহর লস পালাসিওসের এই অভিনব সংবর্ধনা প্রথা প্রমাণ করে কীভাবে স্থানীয় কৃষি ও সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক খেলাধুলার আনন্দকে এক সূত্রে গাঁথা যায়। তরুণ প্রজন্মের কাছে এই প্রথা ফুটবলে এগিয়ে যাওয়ার বড় এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন