‘হরমুজ খোলা বা বন্ধের এখতিয়ার শুধু ইরানের’

‘হরমুজ খোলা বা বন্ধের এখতিয়ার শুধু ইরানের’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি খোলা থাকবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তেহরানেরই রয়েছে। হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বিষয়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইরান মার্কিন হুমকি বা সামরিক শক্তি প্রদর্শনে ভীত নয়। প্রণালিটি খোলা বা বন্ধ করার যেকোনো সিদ্ধান্ত একমাত্র তেহরানই নেবে।’

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিকে শিগগিরই ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

এই প্রণালিতে যুক্তরাষ্ট্র তার নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গরিবাবাদি বলেন, এই জলপথ ‘শুধু ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে’।

তিনি আরো বলেন, ‘যতক্ষণ আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করবেন এবং বিভ্রমে ডুবে থাকবেন, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে।’

শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন