ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিল ফিফা

স্পোর্টস ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিল ফিফা

আলজেরিয়া ও অস্ট্রিয়ার নাটকীয় ৩-৩ ড্রকে ঘিরে ওঠা ম্যাচ ফিক্সিং বিতর্কে শেষ পর্যন্ত তদন্তে যাচ্ছে না ফিফা। বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, তদন্ত শুরু করার মতো কোনো প্রমাণ বা ভিত্তি পায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই দলই এমন একটি ফল পেল, যাতে উভয়েই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। এরপরই ম্যাচটি নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেক সমর্থক দাবি করেন, দুই দল ইচ্ছাকৃতভাবে এমন ফলের দিকে এগিয়েছে। ১৯৮২ সালের কুখ্যাত ‘ডিসগ্রেস অব গিহন’-এর সঙ্গে এই ম্যাচের তুলনাও টানা হয়।

তবে ফিফা প্রাথমিকভাবে পুরো বিষয়টি পর্যালোচনা করে কোনো অনিয়মের প্রমাণ পায়নি। ফলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার প্রয়োজন দেখছে না সংস্থাটি।

অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, ম্যাচের শেষ মুহূর্তের ঘটনাপ্রবাহই প্রমাণ করে এটি কোনোভাবেই সাজানো ছিল না। তিনি বলেন, ৯৩ মিনিটে আলজেরিয়া এগিয়ে যাওয়ার পর ৯৬ মিনিটে অস্ট্রিয়ার সমতা ফেরানো—এমন নাটকীয় ম্যাচকে ফিক্সিং বলা বাস্তবতার সঙ্গে মেলে না। প্রায় চার দশকের কোচিং ক্যারিয়ারে এটিকে সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি।

বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, দক্ষিণ কোরিয়া নাকি এই ম্যাচের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। তবে এমন দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। ফিফা কিংবা দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্তৃপক্ষ এ ধরনের কোনো অভিযোগের কথা নিশ্চিত করেনি।

সব মিলিয়ে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচটি বিতর্কের জন্ম দিলেও, ফিফার অবস্থান স্পষ্ট—এ মুহূর্তে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে নেওয়ার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ তাদের হাতে নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...