মাইকেল ওয়েনের কলাম

‘স্পেনই বিশ্বকাপ জেতার যোগ্য’

‘স্পেনই বিশ্বকাপ জেতার যোগ্য’

বিশ্বকাপ ফাইনালের আগে আমার কাছে একটি বিষয় খুবই পরিষ্কার—স্পেন এ মুহূর্তে আর্জেন্টিনার চেয়ে ভালো দল। শুধু ভালোই নয়, তারা যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছে, তাতে শিরোপা জেতার সবচেয়ে যোগ্য দাবিদারও তারাই।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের সেমিফাইনাল আমি মুগ্ধ হয়ে দেখেছি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, তা ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে তারা। রক্ষণে যেমন দৃঢ়, তেমনি আক্রমণেও আত্মবিশ্বাসী। এমন পারফরম্যান্সই একটি চ্যাম্পিয়ন দলের পরিচয়।

বিজ্ঞাপন

অন্যদিকে আর্জেন্টিনা অবশ্যই ফাইনালে ওঠার কৃতিত্বের দাবিদার। কিন্তু আমার কাছে তাদের এ পর্যন্ত আসার পথটা খুব একটা দাপুটে মনে হয়নি। কেপ ভার্দের বিপক্ষে তারা ভুগেছে, মিসরের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি গোল করে জিতেছে ঠিকই; কিন্তু আমার বিশ্বাস আমরা তাদের হারানোর সুযোগ নিজেরাই নষ্ট করেছি। আর্জেন্টিনা আমাদের হারায়নি, বরং আমরাই ম্যাচটি তাদের হাতে তুলে দিয়েছি।

ইংল্যান্ডের হারের সবচেয়ে বড় কারণ ছিল আমাদের মানসিকতা। এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, ১-০ গোলে এগিয়েও ছিলাম। সে সময় আমাদের উচিত ছিল স্পেনের খেলা দেখে শিক্ষা নেওয়া; এগিয়ে থেকেও কীভাবে বলের দখল ধরে রাখতে হয়, সাহস নিয়ে খেলতে হয় এবং প্রতিপক্ষকে চাপে রাখতে হয়।

এটা প্রথমবার নয়। মেক্সিকোর বিপক্ষেও আমরা একই ভুল করেছিলাম। তখনো আমরা এগিয়ে থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেছি, আর সেটাকেই সাফল্য ভেবেছি। কিন্তু এভাবে বড় শিরোপা জেতা যায় না। আমার এলাকার কোনো দলের খেলোয়াড়কে দিয়েও শুধু বক্সের সামনে দাঁড়িয়ে রক্ষণ করানো সম্ভব।

আমার কাছে মনে হয় ইংল্যান্ডের সমস্যাটা খেলোয়াড়দের নয়, মানসিকতার। আমরা এগিয়ে গেলেই হারার ভয় পেয়ে যাই। সেই ভয় থেকেই আসে ভুল সিদ্ধান্ত, ফলে বড় ম্যাচে তার মূল্য দিতে হয়।

ফাইনালে তাই আমি স্পেনকেই এগিয়ে রাখছি। তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ফুটবল খেলার ধরন আমার মনে জোরালো বিশ্বাস দাঁড় করিয়েছে যে, এ দলটিই বিশ্বকাপ জেতার যোগ্য। যদি তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে ট্রফি তাদের হাতেই উঠবে বলে আমি মনে করি।

Ñমাইকেল ওয়েন

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন