বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-৬ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই পরাজয়ের মধ্য দিয়েই সমাপ্তি ঘটল বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও দীর্ঘ এক ডাগআউট অধ্যায়ের। ফ্রান্স জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দিদিয়ের দেশম। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন—বিশ্বকাপ শেষেই বিদায় নেবেন। অবশেষে সেই ঘোষণাই বাস্তবে রূপ নিল।
ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি জিনেদিন জিদান। গতকাল শনিবার রাতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফ্রান্সের কোচ হিসেবে মাঠে ডাগআউটে ছিলেন দেশম। আর এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফরাসি ফুটবলে 'জিদান যুগ'।
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন দিদিয়ের দেশম। তার অধীনে বিগত ১৪ বছরে ফ্রান্স ইউরোপ ও বিশ্ব ফুটবলের অন্যতম ধারাবাহিক ও অপরাজেয় শক্তিতে পরিণত হয়। তার অধীনে ফরাসিরা অংশ নেওয়া চারটি বিশ্বকাপেই দুর্দান্ত পারফর্ম করেছে:
২০১৪ বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনাল
২০১৮ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন (শিরোপা জয়)
২০২২ বিশ্বকাপ: রানার্সআপ
২০২৬ বিশ্বকাপ: চতুর্থ সেরা
কোচ হিসেবে দেশমের সামগ্রিক পরিসংখ্যানও অবিশ্বাস্য। গত ১৪ বছরে ফ্রান্সের ডাগআউটে দাঁড়িয়ে ১৮৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে ১২০টি ম্যাচেই জয় পেয়েছে ফরাসিরা। বাকি ম্যাচের মধ্যে ৩৫টি ড্র এবং মাত্র ৩১টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাকে।
এবারের বিশ্বকাপে বিদায়ের সঙ্গে সঙ্গে দেশমের সামনে থাকা এক অনন্য ইতিহাস গড়ার সুযোগও হাতছাড়া হয়ে গেল। ফ্রান্সকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে পারলে সেটি হতো বিশ্ব ফুটবলের এক বিরল কীর্তি। তাছাড়া, এবার শিরোপা জিততে পারলে খেলোয়াড় ও কোচ মিলিয়ে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়তেন তিনি। এর মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালোর পাশে বসার গৌরব অর্জন করতেন, যিনি ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। পাশাপাশি ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলেও সহকারী কোচ ছিলেন জাগালো।
দেশম এর আগে ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সের হয়ে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে স্বপ্নভঙ্গের পর এবার স্পেনের কাছে সেমিফাইনালে হেরে তার ট্রিপল বিশ্বকাপ জয়ের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে এখন নতুন এক ভোরের অপেক্ষা। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স দলের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ফরাসি মহাতারকার সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, দেশমের রেখে যাওয়া দুর্দান্ত ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জিদান ফ্রান্সকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে নিয়ে যাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

