টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ অভিযানটি ছিল এক নাটকীয় ও মিশ্র অভিজ্ঞতায় ভরা। টুর্নামেন্টের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্সের বিপক্ষে একটি রোমাঞ্চকর জয়ের মাধ্যমে তিক্ত-মধুর সমাপ্তি টেনেছে থ্রি লায়ন্সরা। ফুটবল বিশ্বে সাধারণত ব্রোঞ্জ পদকের এ ম্যাচটিকে ‘কেউ খেলতে চায় না এমন ম্যাচ’ বলে অভিহিত করা হলেও ম্যাচটি দলের মানসিকতা ও শক্তির জানান দিয়েছে।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হলেও অধিনায়ক হ্যারি কেইন আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। আগামী ২০৩০ সালের বিশ্বকাপে তার বয়স হবে ৩৬; তবে তিনি এখনই বুটজোড়া তুলে রাখতে নারাজ।
দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে কেইন বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেন, ‘আমার দেখা সেরা ইংল্যান্ড দলগুলোর মধ্যে এটি অন্যতম। হোটেল, অনুশীলন মাঠ কিংবা ড্রেসিংরুমÑসবখানেই ছেলেদের মধ্যে একটি অনন্য বন্ধন এবং একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ছিল।’
প্রধান কোচ টমাস টুখেল সম্পর্কে কেইন উল্লেখ করেন, এটি টুখেলের প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল। এই ক্যাম্পেইন, ভ্রমণ, চাপ এবং ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে স্কোয়াড সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন তিনি, যা ভবিষ্যতে দলকে সাহায্য করবে।
এই বিশ্বকাপ অভিযানে ইংল্যান্ডের অন্যতম বড় আলোচনার বিষয় ছিল সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বুকায়ো সাকাকে মাঠে না নামানোর কোচ টুখেলের সিদ্ধান্ত। উত্তর আমেরিকার এই আসরের শুরুর দিকে ইনজুরি সমস্যায় ভুগলেও ফ্রান্সের বিপক্ষে ম্যাচে সাকা দলে ফিরে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজের পূর্ণ ফিটনেসের প্রমাণ দেন।
ম্যাচ শেষে সাকা তার অসন্তোষ কিছুটা হলেও প্রকাশ করে পেশাদারিত্ব বজায় রেখে বলেন, ‘অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে পারতাম, তবে তা নিয়ে এখন কথা বলে লাভ নেই। আমি মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দিতে পছন্দ করি এবং সেটি করা হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ ফিট।’
সাকা খেলার সুযোগ না পাওয়ায় সমালোচনা হচ্ছে কোচের। এই সমালোচনাকে ভবিষ্যতে আরো ভালো করার জ্বালানি হিসেবে ব্যবহার করতে চান টুখেল।
২০২৬ সালের এ বিশ্বকাপ ক্যাম্পেইনকে ইংল্যান্ড কীভাবে মনে রাখবেÑতা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। টুখেলের কৌশলগত সিদ্ধান্ত এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যকার রসায়ন কতটা সফল ছিলÑতার প্রকৃত বিচার হবে আগামী টুর্নামেন্টগুলোতে এ দলের ধারাবাহিক পারফরম্যান্স আর অর্জনের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

