ব্রাজিলকে রুখেও জয় হাতছাড়ার আক্ষেপ মরক্কোর কোচ উয়াহবির

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলকে রুখেও জয় হাতছাড়ার আক্ষেপ মরক্কোর কোচ উয়াহবির

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড্র অনেক দলের জন্যই বড় সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু মরক্কো শিবিরে সেই সন্তুষ্টি নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেওয়ার পরও জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপই বেশি কোচ মোহাম্মদ উয়াহবি ও তার খেলোয়াড়দের মধ্যে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোলে সমতায় ফেরে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

ম্যাচ শেষে মরক্কো কোচ উয়াহবি বলেন, ‘আমরা ভালো খেলেছি এবং আমাদের লক্ষ্য ছিল জয়। কিন্তু ফুটবল এমনই। কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা হতাশ, কারণ তারা জিততে চেয়েছিল।’

ড্র হলেও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে আফ্রিকার দলটি। বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এটি যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। স্পেনও সমান ৩০ ম্যাচ অপরাজিত রয়েছে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যাওয়ার কারণ হিসেবে আবহাওয়ার বিষয়টিও সামনে এনেছেন মরক্কো কোচ।

তিনি বলেন, ‘গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে গিয়েছিল, যা স্বাভাবিক। এখন আমাদের পুরো মনোযোগ স্কটল্যান্ড ম্যাচে। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন, তাই আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখানো মরক্কো এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমির দল। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।

ব্রাজিলের বিপক্ষে পাওয়া এক পয়েন্ট মরক্কোকে গ্রুপে ভালো অবস্থানে রাখলেও, উয়াহবির মন্তব্য স্পষ্ট করে দিয়েছে—তাদের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, জয় ছিনিয়ে নেওয়াও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন