গোলে-অবদানে বিশ্বকাপে বেলিংহ্যামের দাপট

স্পোর্টস ডেস্ক

গোলে-অবদানে বিশ্বকাপে বেলিংহ্যামের দাপট

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের সবচেয়ে বড় কারিগরদের একজন জুড বেলিংহ্যাম। গোল, অ্যাসিস্ট এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে থ্রি লায়ন্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।

টুর্নামেন্টের শুরুতেই ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নিজের যাত্রা শুরু করেন বেলিংহ্যাম। এরপর ঘানার বিপক্ষে স্কোরশিটে নাম তুলতে না পারলেও পানামার বিপক্ষে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় অবদান রাখেন।

শেষ ষোলোতে ডিআর কঙ্গোর বিপক্ষেও গোল বা অ্যাসিস্ট পাননি। তবে নকআউট পর্বে নিজের সেরা রূপ দেখান তিনি। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করার পর নরওয়ের বিপক্ষেও করেন আরও দুটি গোল। অতিরিক্ত সময়ের নাটকীয় সেই ম্যাচে তাঁর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

এখন পর্যন্ত ছয় ম্যাচে বেলিংহ্যামের অবদান ৬ গোল ও ১ অ্যাসিস্ট। পাশাপাশি চারবার জিতেছেন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার, যা তাঁকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মারে পরিণত করেছে।

এই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। বিশ্বকাপের এক আসরে ৬ গোল করা প্রথম মিডফিল্ডার হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নরওয়ের বিপক্ষে জোড়া গোলের পরই তাঁর নাম উঠে যায় বিশ্বকাপের রেকর্ড বইয়ে।

এবার সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিপক্ষে আরেকটি বড় পরীক্ষায়ও ইংলিশদের প্রধান ভরসা থাকবেন বেলিংহ্যাম। তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকলে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপার স্বপ্ন আরও জোরালো হতে পারে থ্রি লায়ন্সদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...