পেলের ৫৬ বছরের কীর্তি ভেঙে বিশ্বকাপে নতুন অ্যাসিস্ট-রাজা ওলিসে

পেলের ৫৬ বছরের কীর্তি ভেঙে বিশ্বকাপে নতুন অ্যাসিস্ট-রাজা ওলিসে

শিরোপা জিততে পারেনি ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিশ্বকাপ শেষ করেছে দিদিয়ের দেশমের দল। তবে দলগত হতাশার মাঝেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন মাইকেল ওলিসে। ব্রাজিল কিংবদন্তি পেলের ৫৬ বছর ধরে অটুট থাকা এক বিশ্বকাপ রেকর্ড ভেঙে নতুন অ্যাসিস্ট-রাজা হয়েছেন ফরাসি এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। ৪৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল এবং ৬৬তম মিনিটে দ্বিতীয় গোল—দুটিই আসে ওলিসের নিখুঁত পাস থেকে। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭।

এর মধ্য দিয়েই ভেঙে যায় ১৯৭০ বিশ্বকাপে পেলের গড়া এক আসরে ৬ অ্যাসিস্টের রেকর্ড। মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে পেলে করেছিলেন ৪ গোল ও ৬ অ্যাসিস্ট। সেই কীর্তি টিকে ছিল টানা ৫৬ বছর। অবশেষে ২৪ বছর বয়সী ওলিসে সেটিকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন।

বিশ্বকাপজুড়ে ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা ছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। তার ৭ অ্যাসিস্টের মধ্যে ৫টিই কাজে লাগিয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জুটিও গড়েছে নতুন কীর্তি—বিশ্বকাপের এক আসরে নির্দিষ্ট দুই খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ গোল-অ্যাসিস্ট সমন্বয়ের নজির।

তবে ওলিসের বিশ্বকাপে একটি অদ্ভুত পরিসংখ্যানও রয়েছে। পুরো টুর্নামেন্টে অসংখ্য সুযোগ তৈরি করলেও নিজে গোলের দেখা পাননি। সৃজনশীলতার দিক থেকে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা, কিন্তু গোলশূন্য থেকেই শেষ করতে হয়েছে বিশ্বকাপ অভিযান।

ফ্রান্সের হাতে শিরোপা না উঠলেও বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন মাইকেল ওলিসে। পেলের মতো কিংবদন্তিকে পেছনে ফেলে তিনি প্রমাণ করলেন, ফুটবলে ইতিহাস শুধু গোলদাতারাই লেখেন না—গোলের কারিগররাও লেখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন