ফিফার কাছে বিশেষ অনুরোধ

কেন অল ব্লু জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

কেন অল ব্লু জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির বদলে সম্পূর্ণ নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়েছে আর্জেন্টিনা। দেশটির সাংবাদিক গাস্তন এদুলের দাবি, এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই নিজেদের ঐতিহ্যবাহী ডোরাকাটা জার্সি পরে খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একমাত্র ব্যতিক্রম ছিল গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচ, যেখানে নীল জার্সিতে মাঠে নেমে জয় পেয়েছিল লিওনেল স্কালোনির দল। এবারও সেই জার্সিতেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চায় আর্জেন্টিনা। যদিও ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

নীল জার্সি সৌভাগ্য সম্পর্কিত। যেটা আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত। আর্জেন্টিনা বিশ্বকাপে যে দুবার ইংল্যান্ডকে হারিয়েছে, প্রত্যেকবার তারা ডোরাকাটা নীল ও সাদা হোম জার্সির বদলে তাদের আকাশী নেভি বা গাঢ় নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি পরেছিল। প্রথম জয় পেয়েছিল ১৯৮৬ সালের বিখ্যাত কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ছিল আলোচিত। আরেকটি জয় এসেছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টিতে।

সেমিফাইনালের আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলছেন মেসি। আট গোল করে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন।
সুইজারল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার বিশ্বকাপে মাঠে নামার অনুভূতির কথাও জানিয়েছেন মেসি। ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে আমি যা জানি, সবই ভিডিও আর ছবির মাধ্যমে। আর্জেন্টিনার মানুষ বারবার সেই স্মৃতিগুলো দেখেছে, আমিও সেভাবেই দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ। তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। আর শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ সব সময়ই আলাদা গুরুত্ব বহন করে।’

ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাওয়া নিয়ে মেসির উচ্ছ্বাসও স্পষ্ট। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এটাই হবে ইংল্যান্ডের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। অন্য প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছি, শুধু ইংল্যান্ডের বিপক্ষেই খেলা হয়নি। সেই কারণেও ম্যাচটি আমার জন্য বিশেষ।’

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত সেমিফাইনালগুলোর একটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল শক্তি। ১৯৮৬ সালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের স্মৃতি, মেসির প্রথম ইংল্যান্ড-অধ্যায় এবং নীল জার্সি ঘিরে আর্জেন্টিনার বিশেষ অনুরোধ; সব মিলিয়ে আটলান্টার সেমিফাইনাল ইতোমধ্যেই বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...