শরীরী লড়াইয়ে পিছিয়ে নয় ফ্রান্স, জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

শরীরী লড়াইয়ে পিছিয়ে নয় ফ্রান্স, জানালেন এমবাপ্পে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াই শেষে জয় পেলেও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় নিজের দলের মানসিক দৃঢ়তার কথাই তুলে ধরলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার ভাষায়, ফ্রান্স শুধু সৌন্দর্যময় ফুটবল খেলতে জানে না, প্রয়োজনে কঠিন ও রুক্ষ লড়াইয়েও প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে এমবাপ্পের পেনাল্টি থেকে। গোলের পাশাপাশি প্রতিপক্ষের শারীরিক ফুটবলেরও জবাব দিয়েছে ফরাসিরা।

ম্যাচ শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাপকালে এমবাপ্পে বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, আমরা শুধু আক্রমণাত্মক ফুটবল খেলা দল নই। যদি পরিস্থিতি এমন হয় যে কঠিন বা নোংরা লড়াই করতে হবে, আমরা সেটাও করতে পারি। হয়তো কথাটা বলার ধরনটা ভালো নয়, তবে এমন পরিস্থিতি সামলাতে আমাদের কোনো সমস্যা নেই।’

এরপর আরও তীক্ষ্ণ ভাষায় তিনি যোগ করেন, ‘ওরা ভেবেছিল আমরা যেন টাক্সিডো পরে মাঠে নেমেছি। কিন্তু আমরা প্রয়োজনে সেই কঠিন ফুটবলও খেলতে জানি। আজ সেটাই করেছি এবং জিতেছি। এমন লড়াইয়েও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম।’

প্রথমার্ধের ৩০ মিনিটের দিকে এমবাপেকে পেছন থেকে টেনে ধরেন প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে প্যারাগুয়ের রক্ষণাত্মক কৌশল নিয়ে কোনো অভিযোগ করেননি ফরাসি অধিনায়ক। তিনি বলেন, ‘ওটাই ওদের ফুটবল, ওটাই ওদের খেলার ধরন। ফুটবলে ভালো বা খারাপ খেলার বলে কিছু নেই। জয়ের একটাই উপায়—জয়। ওরা আমাদের নিজেদের কায়দায় আটকে রাখতে চেয়েছিল, আমরাও একইভাবে জবাব দিয়েছি।’

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। একই রাতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। পিএসজিতে দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির মুখোমুখি হওয়ার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় সে ইতোমধ্যে আমাকে বার্তা পাঠিয়েছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচে। মরক্কো খুবই ভালো দল। ওদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি। নিজেদের সেরাটা দিয়েই মাঠে নামব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন