ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ ফুটবল সংস্থা ‘লা লিগা’-র সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবল শিল্পকে ধ্বংস করার অভিযোগ তুলে ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তিনি। তেবাসের মতো ফিফা সভাপতির বিরুদ্ধে সুর তুলেছেন উয়েফা সভাপতি আলেকজান্দার সেফেরিনও।
২০৩০ বিশ্বকাপ ৬৪ দলে আয়োজন করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তেবাস জানান, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টকে অতিরিক্ত প্রাধান্য দিতে গিয়ে সারা বছর ধরে চলা ঘরোয়া লিগগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অথচ এই ঘরোয়া লিগগুলোই সার্বিক ফুটবল অর্থনীতিকে টিকিয়ে রাখে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।
ফিফার বর্তমান নির্বাচন ও পরিচালন পদ্ধতিকে ‘ভেতর থেকে পচে যাওয়া ব্যবস্থা’ বলে মন্তব্য করেন তেবাস। তিনি জানান, ক্লাব ও লিগ কর্তারা ভেতরে ভেতরে অসন্তুষ্ট হলেও জাতীয় ফেডারেশনগুলোর সমর্থনের কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে চান না।
ফিফাকে নিজেদের স্বার্থে কাজ করার অভিযুক্ত করে তেবাস সাম্প্রতিক বেশকিছু বিতর্কের কথা উল্লেখ করেন—যার মধ্যে রয়েছে বাণিজ্যিক প্রদর্শনী দেখানোর জন্য বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় বাড়িয়ে ২৭ মিনিট করা, শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও বাধ্যতামূলক পানীয় বিরতি এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিতের বিতর্কিত সিদ্ধান্ত।
খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচ খেলা এবং ক্লাব ফুটবলের ওপর চাপ বাড়ানো নিয়ে তেবাস দীর্ঘদিন ধরেই ফিফা ও জিয়ান্নি ইনফান্তিনোর নীতিমালার বিরোধিতা করে আসছেন। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ইনফান্তিনো ২০২৭ সালে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে ২০২৭-২০৩১ মেয়াদের জন্য চতুর্থবারের মতো নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

