এক ফ্রি-কিকেই মেসির ‘রেকর্ড-বৃষ্টি’

স্পোর্টস ডেস্ক

এক ফ্রি-কিকেই মেসির ‘রেকর্ড-বৃষ্টি’

বিশ্বকাপে লিওনেল মেসি যেন প্রতিটি ম্যাচেই নতুন করে লিখছেন ইতিহাস। বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসির নামের পাশে যেন প্রতিদিনই যোগ হচ্ছে নতুন কোনো কীর্তি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। সে গোলে শুধু দলের ৩-১ ব্যবধানের জয়ই নিশ্চিত হয়নি, বিশ্বকাপ ইতিহাসেও গড়ে উঠেছে এক অনন্য রেকর্ড।

৮০তম মিনিটে করা ওই গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ এবং বিশ্বকাপে সব মিলিয়ে তার ১৯তম গোল। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েন। এর আগে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন (১৯৫৮) ও ব্রাজিলের জর্জিনহোর (১৯৭০)। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে শুরু হওয়া গোলের ধার এবারও অব্যাহত রেখে দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেলেন মেসি।

বিজ্ঞাপন

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর জর্ডানের বিপক্ষে গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু এ রেকর্ডেই থেমে থাকেননি মেসি। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক গোলের সুবাদে বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে, যা গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এতদিন পাঁচ গোল নিয়ে এ রেকর্ডের অংশীদার ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো।

এছাড়া গত ছয় দশকে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা মাত্র ষষ্ঠ ফুটবলারও এখন মেসি। চলতি আসরে গ্রুপ পর্বেই ছয় গোল করে তিনি বিশ্বকাপের এক আসরের গ্রুপ পর্বে ছয় গোল করা মাত্র পঞ্চম খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন। ১৯৯৪ সালে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পর প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

মেসির গোলের পাশাপাশি দলীয়ভাবেও বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছে আর্জেন্টিনা। জর্ডানকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। ১৯৩০, ১৯৯৮, ২০১০ ও ২০১৪ সালের পর এবারও তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ শেষ করল তারা। একইসঙ্গে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি লিওনেল স্কালোনির দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন