‘স্পেনই ভালো খেললেও আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত’

‘স্পেনই ভালো খেললেও আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত’

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট যেন গোপনই করতে পারছিলেন না লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ। তবে হতাশার মধ্যেও তিনি অকপটে স্বীকার করেছেন, ফাইনালে স্পেনই ছিল সেরা দল। একই সঙ্গে নিজের খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

বিজ্ঞাপন

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “প্রথমেই স্পেনকে অভিনন্দন জানাই। তারা অসাধারণ একটি দল এবং আমার মতে, তারাই বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল।”

তবে পরাজয়ের পরও নিজের দলের প্রতি গর্ব লুকাননি আর্জেন্টাইন কোচ, “আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু উজাড় করে দিয়েছে। এই দলটি গোটা টুর্নামেন্টে যেভাবে লড়েছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি দারুণ উদাহরণ হয়ে থাকবে।”

ফাইনালে আর্জেন্টিনা আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। স্কালোনির মতে, প্রতিপক্ষের মানই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি, কিন্তু কখনো কখনো প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। স্পেন দুর্দান্ত খেলেছে এবং আমাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল।”

সংবাদ সম্মেলনে লিওনেল মেসির প্রসঙ্গও উঠে আসে। ৩৯ বছর বয়সী অধিনায়কের এটি সম্ভবত শেষ বিশ্বকাপ। স্কালোনি বলেন, “মেসি অবিশ্বাস্য। সে আবারও প্রমাণ করেছে কেন সে সর্বকালের সেরা ফুটবলার। এই টুর্নামেন্টে তার অবদান ভাষায় প্রকাশ করা কঠিন।”

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় তিনি জানান, এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না।

“এখন কথা বলার সময় নয়। আমার কিছুটা সময় দরকার। এরপর ফেডারেশনের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এমন একটি দল গড়ে তোলা সহজ নয়, আর আজকের পরাজয় আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।”, আবেগঘন কণ্ঠে বলেন স্কালোনি।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের কণ্ঠে ছিল হতাশা, কিন্তু একই সঙ্গে ছিল গর্বও। শিরোপা ধরে রাখতে না পারলেও নিজের দলকে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আর্জেন্টিনার ডাগআউটে তাকে আবার দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন