বিশ্বমঞ্চে আলো ছড়ানো সাইবারিকে লুফে নিলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

বিশ্বমঞ্চে আলো ছড়ানো সাইবারিকে লুফে নিলো বায়ার্ন

বিশ্বকাপে আলো ছড়ানোর পুরস্কারটা মিলল টুর্নামেন্ট চলাকালেই। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পিএসভি আইন্দহোভেন ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে বাভারিয়ানরা।

সাইবারিকে দলে টানতে বায়ার্ন খরচ করেছে ৫ কোটি ৫০ লাখ ইউরো। জার্মান গণমাধ্যমের ধারণা, আক্রমণভাগে হ্যারি কেইনের বিকল্প হিসেবেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হতে পারে তাকে।

চলতি বিশ্বকাপে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছেন সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গোল করে এক আসরে কোনো মরক্কান ফুটবলারের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন তিনি। চার ম্যাচে তিন গোলের পাশাপাশি শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি নিয়েও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বায়ার্নের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাইবারি বলেন, ‘ছোটবেলা থেকেই বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি। সবাই জানে, এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এখানে খেলতে পারা আমার জন্য অসাধারণ এক অনুভূতি।’

নিজের নতুন ক্লাবের লক্ষ্য নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন মরক্কান তারকা। তাঁর ভাষায়, ‘বায়ার্ন প্রতি মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগসহ বড় বড় শিরোপার জন্য লড়ে। আমিও এখানে এসে যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই। দলের খেলার ধরণ আমার সঙ্গে মানানসই। তাই নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি।’

সাইবারি আরও জানিয়েছেন, বায়ার্নে যোগ দেওয়ার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন ক্লাবের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। তিনি বলেন, ‘ভিনসেন্ট কোম্পানির সঙ্গে কথা বলার পরই আমার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে। তাঁর অধীনে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

ক্লাব ফুটবলেও গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন সাইবারি। ২০২৫-২৬ মৌসুমে পিএসভির হয়ে এরেডিভিসিতে ২৭ ম্যাচে করেছেন ১৫ গোল। সেই পারফরম্যান্সই তাকে ইউরোপের অন্যতম বড় ক্লাবের নজরে নিয়ে আসে।

এদিকে বিশ্বকাপেও মরক্কোর স্বপ্নযাত্রা অব্যাহত রয়েছে। শেষ বত্রিশ পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই। আগামী শনিবার হিউস্টনে যৌথ আয়োজক কানাডার মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্স। নতুন ক্লাবে যোগ দেওয়ার সুখবরের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত সাইবারির দিকে তাকিয়েই আরও একটি ইতিহাস গড়ার আশায় রয়েছে মরক্কো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...