ফিফা র্যাঙ্কিংয়ে সবার ওপরে পৌঁছে গেছে ফ্রান্স। সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে স্পেনকে ছাড়িয়ে এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করেছে কিলিয়ান এমবাপ্পেরা। সম্প্রতি প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে দুই ধাপ এগিয়ে চূড়ায় উঠে গেছে ফরাসিরা। এর আগে ফ্রান্স শীর্ষে উঠে ছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে।
গত সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রাজত্ব করে যাওয়া স্পেন নেমে গেছে দ্বিতীয় স্থানে। দিন কয়েক আগে প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিতলেও পরের ম্যাচে মিশরের সঙ্গে হোঁচট খেয়েছে লামিনে ইয়ামালরা। এ কারণে শীর্ষস্থান খুইয়েছে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। মৌরিতানিয়াকে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আলবিসেলেস্তেরা। তারপরও এক ধাপ নিচে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল এখন রয়েছে তিনে। মূলত ফ্রান্সের উন্নতির কারণেই অবনতি হয়েছে লিওনেল মেসিদের।
র্যাঙ্কিংয়ে চতুর্থস্থান আগের মতোই নিজেদের দখলে রেখেছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করার পর, যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও, আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় কার্লো আনচেলত্তির দল।
শীর্ষ দশের অন্য দলগুলোর অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস, অষ্টম স্থানে মরক্কো, নবম স্থানে বেলজিয়াম আর দশমে রয়েছে জার্মানি। ব্রাজিলের কাছে হেরেও ১১ নম্বরে রয়ে গেছে ক্রোয়েশিয়া। টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালি এক ধাপ এগিয়ে উঠেছে ১২ নম্বরে।
র্যাঙ্কিংয়ের এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হারার পর এই অবনতি হামজা চৌধুরীদের। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভিয়েতনামের। ৫ ম্যাচে জিতে এশিয়ার দেশটি ৯ ধাপ এগিয়ে উঠে গেছে ৯৯ নম্বরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

