চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদে ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা উন্নয়ন সহায়তার চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। তিনি বলেন, দুনিয়ায় চাওয়া-পাওয়ার শেষ নেই। গরিবদের একটি মিষ্টি কেনার সামর্থ্য থাকে না, আবার ধনীদের আল্লাহ মিষ্টি খাওয়ার নিষেধ বা কঠোরতা আরোপ করে দিয়েছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সেক্রেটারি রফিকুল হাসান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

