সমালোচনার জবাবে নেইমারের বার্তা ‘জীবন একটা তামাশা’

সমালোচনার জবাবে নেইমারের বার্তা ‘জীবন একটা তামাশা’

২০২৬ বিশ্বকাপ শেষে আবারও বিতর্কের কেন্দ্রে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাব সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকার পর একই দিনে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একটি রহস্যময় বার্তা।

বিজ্ঞাপন

কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে উনিভেরসিদাদের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস। তবে সেই ম্যাচে ছিলেন না নেইমার। এর পরিবর্তে তাকে দেখা যায় সাও পাওলোতে অনুষ্ঠিত একটি পোকার টুর্নামেন্টে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্ত-সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, ক্লাবের প্রতি তার অঙ্গীকার ও অগ্রাধিকার নিয়েই।

বিশ্বকাপের আগে চোটে পড়লেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা করে নিয়েছিলেন নেইমার। তবে পুরোপুরি সুস্থ না থাকায় টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন। শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের দিনে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটিও করেছিলেন তিনি।

বিশ্বকাপ শেষে সান্তোসে ফিরে পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। কিন্তু ক্লাবের ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়।

সমালোচনার মধ্যেই ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেন নেইমার। সেখানে তাকে পোকার টেবিলে তাস ও চিপস নিয়ে খেলতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবন একটা তামাশা’। পাশাপাশি পোস্টটির মন্তব্য করার সুযোগও বন্ধ করে দেন। অনেকের ধারণা, সমালোচকদের উদ্দেশেই এই রহস্যময় বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তবে নেইমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সান্তোসের প্রধান কোচ কুকা। তার ভাষ্য, নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

কুকা বলেন, ‘নেইমার কিছুদিন মাঠের বাইরে ছিল এবং কোনো ছুটিও পায়নি। সামনে ১০ দিনের মধ্যে আমাদের চারটি ম্যাচ খেলতে হবে। তাই তাকে শারীরিকভাবে আরও শক্তিশালী করে টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত করতে আমরা কঠোর অনুশীলন কর্মসূচিতে রেখেছি। সে কারণেই তাকে এই ম্যাচে দলে রাখা হয়নি।’

ফলে নেইমারের অনুপস্থিতি নিয়ে সমালোচনা চললেও, ক্লাব কর্তৃপক্ষের দাবি—এটি ছিল পুরোপুরি ফিটনেস ব্যবস্থাপনার অংশ, শৃঙ্খলাজনিত কোনো সিদ্ধান্ত নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন