আন্তর্জাতিক হকি অঙ্গনে নতুন ও রোমাঞ্চকর এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। নাটকীয়ভাবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল। হকির অন্যতম পরাশক্তি পাকিস্তান টুর্নামেন্টে খেলছে না। টুর্নামেন্টটি ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল তারা। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হয়নি আয়োজকরা। ফলে পাকিস্তানকে বাদ দিয়ে টুর্নামেন্টে যোগ করা হয়েছে বাংলাদেশকে।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হকি ফেডোরেশন জানায়, ভারতের জলন্ধর ও মোহালিতে হতে যাওয়া মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে রেখেই আজ আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে। এশিয়ান হকির শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করার দারুণ সুযোগ হবে বাংলাদেশের। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন খেলবে। হকি দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দেশের জন্য বড় সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা করছে বাংলাদশের হকিপ্রেমী ও সংশ্লিষ্ট মহল।
টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ রয়েছে। ২৭ অক্টোবর উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন মালয়েশিয়া-চীন ও জাপান-দক্ষিণ কোরিয়ার ম্যাচও রয়েছে। এরপর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর, জাপানের বিপক্ষে। পরবর্তীতে ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সম্প্রতি এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি হকি দল। ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে জাপানে গিয়ে সপ্তম হয়েছে বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার দারুণ সুযোগ হকি দলের সামনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

