লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়কে ঘিরে আর্জেন্টিনায় যখন আবেগ আর উৎসবের ঢেউ, তখন একই ম্যাচের পর ভিন্ন অভিজ্ঞতার কথা জানাল বেনিন। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর আফ্রিকান দলটির অভিযোগ, মাঠের বাইরের ব্যবহারে তারা প্রত্যাশিত সৌজন্যটুকুও পায়নি।
বেনিনের কোচ গের্নট রোর জানিয়েছেন, তার দলের খেলোয়াড়রা মেসি ও আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে এবং জার্সি বিনিময় করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তাদের আর্জেন্টিনার খেলোয়াড়দের করিডোর কিংবা ড্রেসিংরুমের দিকে যেতে দেওয়া হয়নি। ফলে ঐতিহাসিক ম্যাচে অংশ নিয়েও মেসির সঙ্গে একটি ছবিও তুলতে পারেননি বেনিনের খেলোয়াড়রা।
রোরের ভাষ্য, খেলোয়াড়রা জার্সি বিনিময়ের জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ম্যাচের আগে অবশ্য বেনিনের পক্ষ থেকে মেসিকে উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত রোর নিজে ২০১৮ সালের মেসির একটি জার্সি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে দিয়ে স্বাক্ষর করিয়ে ফেরত নেন, এটিই ছিল তার পাওয়া স্মারক।
এর বাইরেও বেনিনের প্রতি আর্জেন্টিনার আচরণ নিয়ে আরও গুরুতর অভিযোগ তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনা। তার দাবি, বেনিন কোনো বোনাস পায়নি, ম্যাচ থেকে হওয়া আয়ের কোনো অংশও তাদের ফেরত দেওয়া হয়নি এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে জার্সি বিনিময় বা ছবি তোলার সুযোগও দেওয়া হয়নি। এমনকি আর্জেন্টিনার খেলোয়াড়দের করিডোরে প্রবেশেও তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ মোলিনার।
বেনিনের অসন্তোষ অবশ্য শুধু ম্যাচ-পরবর্তী ঘটনা ঘিরে নয়। বুয়েন্স আয়ার্সে যাতায়াত ও হোটেল ব্যবস্থাপনা নিয়েও তাদের অসন্তোষের কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। মেসির বিদায়ী ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য মহোৎসবের রাত, কিন্তু অতিথি দলের কাছে সেই সফরের শেষটা হয়ে থাকল তিক্ত অভিজ্ঞতার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

