রিয়াল মাদ্রিদের হারের সুযোগটা পুরোপুরি কাজে লাগাল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল কাতালানরা।
শনিবার দিবাগত রাতে হওয়া এই ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল বার্সার। তবে প্রথমে এগিয়ে যায় স্বাগতিক অ্যাতলেটিকো। ম্যাচের ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে লিড নেয় তারা। তবে বেশিক্ষণ সেই লিড টিকিয়ে রাখতে পারেনি। দুই মিনিটের মধ্যেই দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিচু শটে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড।
প্রথমার্ধের শেষদিকে বড় ধাক্কা খায় অ্যাতলেটিকো। যোগ করা সময়ে লামিনে ইয়ামালকে কঠিন ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকো গঞ্জালেস। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় দিয়েগো সিমিওনের দলকে।
একজন কম নিয়ে খেলতে থাকা অ্যাতলেটিকোর ওপর দ্বিতীয়ার্ধে চেপে বসে বার্সেলোনা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে স্বাগতিকদের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে সেই চাপের ফল পায় বার্সা। জোয়াও কান্সেলোর শট ফিরিয়ে দিলেও বল গিয়ে লাগে রবার্ট লেভান্ডফস্কির গায়ে, সেখান থেকেই জালে জড়িয়ে যায় ম্যাচজয়ী গোল।
ম্যাচজুড়ে ৬৯ শতাংশ বল দখল রেখে ২৩টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে অ্যাতলেটিকো মাত্র ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৭৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ৭ পয়েন্ট। অন্যদিকে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
রাফিনিয়ার ইনজুরিতে দলে জায়গা পাওয়া রাশফোর্ড এই ম্যাচে গোল করে কোচ হ্যান্সি ফ্লিকের আস্থা রাখলেন। গুরুত্বপূর্ণ সময়ে তার গোলই ম্যাচে বার্সাকে ফেরায়, আর শেষদিকে লেভান্ডফস্কির স্পর্শে নিশ্চিত হয় জয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

