নাইজারকে উড়িয়ে মরক্কোর গোল উৎসব

নাইজারকে উড়িয়ে মরক্কোর গোল উৎসব

আক্রমণের ঝড়, অধিনায়কের জোড়া গোল আর বদলি খেলোয়াড়দের কার্যকর ভূমিকা; সব মিলিয়ে দাপুটে এক জয় পেয়েছে মরক্কো। আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারিয়েছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি। ক্যাসাব্লাঙ্কার মোহাম্মদ পঞ্চম স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দলের জয়ে বড় অবদান রেখেছেন আশরাফ হাকিমি। দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও সহায়তা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। চতুর্থ মিনিটেই ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। আইয়ুব বুয়াদির পাস থেকে পাওয়া বল জালে পাঠান পিএসজির এই তারকা ডিফেন্ডার।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করে নাইজার। ৪১ মিনিটে মোহামেদ আবদুরামানের গোলে ব্যবধান কমায় তারা। এরপর পেনাল্টি থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগও পেয়েছিল সফরকারীরা। কিন্তু ৪৫ মিনিটে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ইউসুফ ওমারু। সেই ব্যর্থতার খেসারত দিতে হয় দ্রুতই। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে মরক্কোকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হাকিমি।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইউসুফ এন-নেসিরি। মাঠে নামার আট মিনিটের মাথায় হাকিমির পাস থেকে গোল করে দলের ব্যবধান ৪-১ করেন তিনি। এরপর ৭৫ মিনিটে বদলি হিসেবে নামা আয়ুব ওউফকির ম্যাচের শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, পঞ্চম গোলটি করেন।

গোলের পাশাপাশি পুরো ম্যাচেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল মরক্কো। তাদের দখলে ছিল ৭১ শতাংশ বল। গোলরক্ষক ইয়াসিন বুনুও ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন নিজের শততম আন্তর্জাতিক উপস্থিতির মাধ্যমে। দলের আক্রমণভাগের দাপটের সঙ্গে রক্ষণে কিছু দুর্বলতা অবশ্য চোখে পড়েছে। নাইজার ১৩টি শট নিয়ে ছয়বার লক্ষ্যে বল রাখতে পেরেছে।

এই জয়ে বাছাইপর্বের গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মরক্কো। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্যাবন, আর নাইজারের সংগ্রহ ৩ পয়েন্ট। আগামী মঙ্গলবার ফিরতি ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন